আগামী বছর ঈদুল ফিতর উপলক্ষে পাঁচদিন এবং ঈদুল আজহা উপলক্ষে ছয়দিন ছুটি রেখে ২০২৭ সালের ছুটির তালিকা প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১০ মার্চ ঈদুল ফিতর এবং ১৭ মে ঈদুল আজহা হতে পারে। অন্যদিকে আগামী বছরের শারদীয় দুর্গা পূজায় দুইদিন ছুটি থাকবে।
গত ২ নভেম্বর ২০২৭ সালের ছুটির তালিকা অনুমোদন দিয়েছিল মন্ত্রিসভা। গতকাল প্রজ্ঞাপনের মাধ্যমে সেই ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে। অবশ্য ওই ছুটির মধ্যে মোট সাতদিন সাপ্তাহিক ছুটি পড়েছে। এর ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ছুটি ভোগ করবেন কার্যত ২২ দিন। ১৫ দিন সাধারণ ছুটির মধ্যে রয়েছে ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, জুমাতুল বিদা (৫ মার্চ), ঈদুল ফিতর (১০ মার্চ), ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তি (শুধু রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার জন্য প্রযোজ্য), মে দিবস (১ মে), ঈদুল আজহা (১৭ মে), বুদ্ধপূর্ণিমা (২০ মে), জুলাই গণ-অভ্যুত্থান দিবস ৫ আগস্ট, ১৫ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.), ২৫ আগস্ট জন্মাষ্টমী, ১০ অক্টোবর বিজয়া দশমী, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর বড়দিন।