দীর্ঘ
২৭ দিন পর নিজ কার্যালয়ে গিয়ে দাপ্তরিক কাজ শুরু করেছেন সিলেটের শাহজালাল
বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ। আজ রোববার সকালে
উপাচার্য নিজ কার্যালয়ে যান। এছাড়া বিশ্ববিদ্যালয়ে চলমান বিভিন্ন বিষয়ে সন্ধ্যায়
জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয়েছে। সভায় বিশ্ববিদ্যালয়ে ক্লাশ চালুর বিষয়ে
সিদ্ধান্ত হতে পারে।
বিকেলে
বণিক বার্তাকে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল
হোসেন। তিনি জানান, সকালে নিজ কার্যালয়ে দাপ্তরিক কাজ শুরু করেন উপাচার্য।
সন্ধ্যায় জরুরি সিন্ডিকেট মিটিং ডাকা হয়েছে। হয়তো বিশ্ববিদ্যালয় ক্লাশ চালুর বিষয়ে
আজ সিদ্ধান্ত হবে, মিটিং শেষ হলে বিষয়টি জানা যাবে।
এর
আগে গতকাল রাতে সংবাদ সম্মেলন করে শাবিপ্রবিতে চলমান আন্দোলন প্রত্যাহারের ঘোষণা
দেন শিক্ষার্থীরা। তারা বলেন, শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী তাদের সব দাবি
মেনে নিয়ে সেগুলো বাস্তবায়নের আশ্বাস দেয়ায় তাদের প্রতি পূর্ণ আস্থা রেখে আন্দোলন
আপাতত প্রত্যাহার করে নেয়া হলো। পরে আজ থেকে
ক্লাস-পরীক্ষা চালুর দাবিও জানান শিক্ষার্থীরা।
প্রসঙ্গত,
১৬ জানুয়ারি তিন দফা দাবি আদায়ে উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনে অবরুদ্ধ
করেন শিক্ষার্থীরা।খবর পেয়ে পুলিশ গিয়ে উপাচার্যকে বের করে আনেন। এরপর আর
কার্যালয়ে আসেননি উপাচার্য। নিজ বাসভবন থেকেই দাপ্তরিক কার্যক্রম চালিয়ে আসছিলেন
তিনি।পরে ওই দিনই অনির্দিষ্টকালের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি
বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) বন্ধ ঘোষণা করে প্রশাসন।