চার দিনব্যাপী আন্তর্জাতিক বিনিয়োগ সম্মেলন ২০২৫-এর অংশ হিসেবে চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) পরিদর্শন করেছেন বিদেশী বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদল। আজ সোমবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় কোরিয়ান ইপিজেডে পৌঁছান তারা। এ সময় তারা কারখানার কার্যক্রম ও পরিদর্শন কাজের অগ্রগতির খোঁজ খবর নেন।
সম্মেলনের প্রথম দিনে এ কর্মসূচি নেয় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। একইদিন মিরসরাই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনেরও কথা রয়েছে দলটির।
সংস্থাটি জানায়, মূলত যারা শিগগিরই শিল্প কারখানা স্থাপনে আগ্রহী, তাদের এ সুযোগ করে দেয়া হয়। এর মাধ্যমে কোরিয়ান ইপিজেডের বাস্তবচিত্র বিদেশিদের সামনে তুলে ধরা হচ্ছে। চীন, কোরিয়া, জাপানসহ ৪০টি দেশের ৬০ জনের একটি প্রতিনিধি দল এ সফরে অংশ নেন। কর্তৃপক্ষের আশা, বেশ কিছু বিদেশি প্রতিষ্ঠান বিনিয়োগ চুক্তি সই করতে পারে এবারের সম্মেলনে।
এবারের সম্মেলনে অংশ নিয়েছে চীন-যুক্তরাষ্ট্রসহ অর্ধশত দেশের বড় বিনিয়োগকারীরা। সম্মেলনের দ্বিতীয় দিন মঙ্গলবার সকালে বিনিয়োগকারীরা নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানি ইকোনমিক জোন পরিদর্শন করবেন। দ্বিতীয় ধাপে, বিশ্বব্যাংক ও আইএলওর সঙ্গে রয়েছে আলোচনা। এর মাধ্যমে ভবিষ্যতে বিনিয়োগের জন্য কী ধরনের পদক্ষেপ নেয়া যায়, সে ব্যাপারে চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।