শেখ হাসিনার আবেদন প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘বাংলাদেশ টেররিস্টদের পাসপোর্ট দেয় না’

আবেদনের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রথমে জানতে চান, কে আবেদন করেছেন। শেখ হাসিনার নাম উল্লেখ করার পর তিনি বলেন, ‘মানে খুবই হাস্যকর’

গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদনের খবরকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি বলেছেন, শেখ হাসিনাকে সাধারণ কোনো ভ্রমণকারী হিসেবে বিবেচনার সুযোগ নেই। তাকে দেশে ফেরাতে পাসপোর্টের আবেদন নয়, ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় হস্তান্তর চায় সরকার।

এ প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, ‘বাংলাদেশ টেররিস্টদের পাসপোর্ট দেয় না।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজ এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করার খবর প্রকাশিত হওয়ার পর এ বিষয়ে জানতে চান সাংবাদিকরা।

আবেদনের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রথমে জানতে চান, কে আবেদন করেছেন। শেখ হাসিনার নাম উল্লেখ করার পর তিনি বলেন, ‘মানে খুবই হাস্যকর।’

আরো বলেন, গণঅভ্যুত্থানের আগে দেড় মাসে প্রায় দেড় হাজার মানুষ, এমনকি তারও বেশি মানুষ হত্যার শিকার হয়েছেন। এ প্রসঙ্গে হুমায়ুন কবির প্রশ্ন তোলেন, এত মানুষের মৃত্যুর দায় যার বিরুদ্ধে রয়েছে, তাকে নির্দোষ বলে সামনে দাঁড়ানোর মতো অবস্থান কোনো আইনজীবী প্রতিষ্ঠান নিতে পারে কিনা।

যুক্তরাজ্যের কিছু আইনজীবী প্রতিষ্ঠান শেখ হাসিনার পক্ষে কাজ করছে বলে আলোচনার প্রসঙ্গ টেনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কোনো ক্লায়েন্ট গ্রহণের আগে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় ও অতীত যাচাই করা উচিত। তার ভাষায়, ‘নো ইয়োর ক্লায়েন্ট’ নীতি অনুসরণ করা আইনজীবীদের দায়িত্ব। শুধু অর্থ উপার্জনের উদ্দেশ্যে কোনো ক্লায়েন্ট গ্রহণ না করে আইনি, নৈতিক ও নীতিগত দিক বিবেচনার আহ্বান জানান তিনি। শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদনের ভিত্তি আইনি, নৈতিক ও নীতিগত—তিন দিক থেকেই দুর্বল বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনার বিচার হয়েছে এবং উন্মুক্ত আদালতে প্রমাণের ভিত্তিতে রায় ও সাজা হয়েছে। তবে তার বক্তব্যে সাজা-সংক্রান্ত কিছু বিষয় এখনো বিচারাধীন থাকতে পারে বলেও ইঙ্গিত পাওয়া যায়। এ অবস্থায় পাসপোর্ট নিয়ে স্বাভাবিকভাবে দেশে ফেরার প্রশ্ন আসে না বলে মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ ভারতের কাছে একাধিকবার চিঠি দিয়েছে—এ প্রসঙ্গে পরবর্তী পদক্ষেপ জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি ব্যক্তিগতভাবে পাসপোর্ট নিয়ে দেশে ফেরার নয়। ‘টেররিস্ট এক্সট্রাডিশন ট্রিটি আছে, ওই ট্রিটির মাধ্যমে হ্যান্ডওভার চাওয়া হবে’—বলেন তিনি।

তার ভাষ্য, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে প্রত্যর্পণ চুক্তির প্রক্রিয়াই প্রযোজ্য। হুমায়ুন কবির আরো বলেন, ‘আমরা চাই হ্যান্ডেড ওভার।’

পাসপোর্ট বা এনআইডির জন্য আবেদন জমা পড়লে তা গ্রহণ করা অস্বাভাবিক নয় বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। তবে আবেদন জমা দেয়া মানেই দেশে ফেরার কার্যকর প্রক্রিয়া শুরু হওয়া নয় বলে জানান তিনি। শেখ হাসিনা চাইলে ভারতকে প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে হস্তান্তরের অনুরোধ জানাতে পারেন—এমন মন্তব্য করে হুমায়ুন কবির প্রশ্ন তোলেন, যার বিরুদ্ধে বাংলাদেশের পক্ষ থেকে প্রত্যর্পণের দাবি রয়েছে, তিনি নিজেই কি সে প্রক্রিয়ায় দেশে ফিরতে চাইবেন?

যুক্তরাজ্যের পার্লামেন্টে শেখ হাসিনার পক্ষে অবস্থান নেয়া কয়েকজন সদস্যের প্রসঙ্গও তোলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ৬৫০ সদস্যের ব্রিটিশ পার্লামেন্টের মধ্যে ছয়জন সদস্য এ বিষয়ে সমর্থন জানিয়েছেন। তার দাবি, যুক্তরাজ্যের অন্য সংসদ সদস্যদের মধ্যেও বাংলাদেশের বিপুলসংখ্যক মানুষের হত্যার অভিযোগ নিয়ে উদ্বেগ রয়েছে। যুক্তরাজ্যে শেখ হাসিনার পক্ষে তথ্য প্রচারে একটি পাবলিক অ্যাফেয়ার্স প্রতিষ্ঠানের ভূমিকা নিয়েও সমালোচনা করেন তিনি। তার দাবি, ভুল তথ্য প্রচারের অভিযোগে প্রতিষ্ঠানটিকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছে এবং পরে সরে যেতে হয়েছে।

এসময় আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত থাকার প্রসঙ্গ তুলে দলটিকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত’ বলে আখ্যা দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শেখ হাসিনা, তার পরিবার ও আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে দেশ থেকে অর্থ লুট, সম্পত্তি দখল ও হত্যার অভিযোগও করেন তিনি।

প্রত্যর্পণ চুক্তির আওতায় হস্তান্তরের প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের চুক্তিটি পড়ার পরামর্শ দেন। তিনি বলেন, বিভিন্ন দেশে প্রত্যর্পণ প্রক্রিয়ায় অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তিকে হস্তান্তরের নজির রয়েছে। বাংলাদেশের চাওয়া হলো, শেখ হাসিনাকে ওই চুক্তির আওতায় ভারতের কাছ থেকে হস্তান্তর করা হোক।

আরও