টাঙ্গাইলে দুই গ্রামবাসীর সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

টাঙ্গাইলে পূর্ব শত্রুতার জেরে দুই গ্রামের সংঘর্ষে প্রাণহানি, বাড়ি-ঘরে আগুন, ভাঙচুরের ঘটনায় গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নে এবং ভূঞাপুর উপজেলার জগৎকুড়া গ্রামে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে অনির্দিষ্টকালের জন্য নির্দেশ করা হয়। তবে আজ শুক্রবার নতুন করে আবারো এ দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে।

জানা গেছে, প্রায় এক মাস আগের বাকি টাকা নিয়ে বিরোধের জেরে গতকাল বিকালে গোপালপুর উপজেলার গুলিপেঁচা ও ভূঞাপুর উপজেলার জগৎকুড়া গ্রামের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে কালাম তালুকদার (৬৫) নামে একজনের মৃত্যু হয়। আহত হন বেশ কয়েকজন। তাছাড়া সংঘর্ষ চলাকালে ১১টি বাড়িতে আগুন দেয়া হয়। ভাঙচুর ও লুটপাট করা হয় অন্তত অর্ধশতাধিক দোকানপাটে।

প্রশাসন সূত্র জানায়, দুই গ্রামবাসীর মধ্যে চরম উত্তেজনা বিরাজ করায় শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় বৃহস্পতিবার রাত ১১ টা থেকে অনির্দিষ্টকালের জন্য গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নে এবং ভূঞাপুর উপজেলার জগৎকুড়া গ্রামে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ সময় ওই এলাকার ২০০ গজ সীমানার মধ্যে সব ধরনের সমাবেশ, শ্লোগান, শোভাযাত্রা, বিক্ষোভ, মাইক্রোফোন ব্যবহার, অননুমোদিত মাইকিং, ঢাকঢোল বাজানো, মোটরসাইকেল চালানো, গোলযোগ সৃষ্টি, লাঠিসোটা, অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি পরিবহন এবং সর্বসাধারণের অনুপ্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান জানান, গতকাল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের প্রায় ১০-১২ জন সদস্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আজ নতুন করে আবারো সংঘর্ষ হলেও এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। এলাকাজুড়ে প্রায় ৫ শতাধিক পুলিশ মোতায়েন রয়েছে।

গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার লাইলাতুল হোসেন জানান, দুই উপজেলার গ্রামবাসী মধ্যে সংঘর্ষের ঘটনায় অনির্দিষ্টকালের গোপালপুরে হেমনগর ইউনিয়নে ১৪৪ ধারা জারি থাকবে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।

আরও