সমাজে ইতিবাচক পরিবর্তনে অবদান রাখার স্বীকৃতি হিসেবে ১০ তরুণ-তরুণীকে সম্মানিত করেছে জেসিআই বাংলাদেশ। গতকাল রাজধানীর র্যাডিসন ব্লু হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত ‘টেন আউটস্ট্যান্ডিং ইয়াং পারসনস (টিওওয়াইপি) অব বাংলাদেশ ২০২৬’ গালা অনুষ্ঠানে তাদের সম্মাননা দেয়া হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান, নেতৃত্বের গুণাবলি, সাফল্য ও সামাজিক উন্নয়নে ভূমিকার স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেয়া হয়। বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে তরুণদের অবদানকে উদ্যাপন করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পানিসম্পদমন্ত্রী ও সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি।
জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট আরেফিন রাফি আহমেদ অনুষ্ঠানে অতিথি ও পুরস্কারপ্রাপ্তদের স্বাগত জানান। অনুষ্ঠানের উপদেষ্টা এরফান হক এবং ইভেন্ট ডিরেক্টর শেখ মতিউর রহমান ও জাফির শাফি আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
১০টি বিভাগে এবার টিওওয়াইপি বাংলাদেশ ২০২৬ পুরস্কার পেয়েছেন— মানবিক নেতৃত্বে অবদানের জন্য সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সুনসিলা জাবরিন প্রিয়াঙ্কা, নৈতিক নেতৃত্বে অবদানের জন্য মোহাম্মদ মহসিন, সংস্কৃতিতে সামানজার সাঈদ, ব্যবসায়িক সাফল্যে আমিদ সাকিফ খান, একাডেমিক নেতৃত্বে লিসা সাহা, সফল উদ্যোক্তা হিসেবে কাজী আশিকুর রাসুল, স্বেচ্ছাসেবামূলক নেতৃত্বে মোহাম্মদ জহিরুল ইসলাম, ক্রীড়াক্ষেত্রে আফেইদা খন্দকার, অর্থনৈতিক উন্নয়নে অবদানের জন্য মো. রাসেল বিন আহাদ এবং ব্যক্তিগত সাফল্যের জন্য সম্মাননা পেয়েছেন আফসান আরা বিন্দু।
জেসিআই বাংলাদেশ আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনালের (জেসিআই) একটি অংশ। বৈশ্বিক এ নেটওয়ার্ক নেতৃত্বের বিকাশ, সামাজিক সম্পৃক্ততা ও সক্রিয় নাগরিকত্বের মাধ্যমে তরুণদের ইতিবাচক পরিবর্তন সৃষ্টিতে সক্ষম করে তোলার লক্ষ্যে কাজ করে।