অবৈধভাবে ভারতে মানব পাচারের সময় ২ জন মানব পাচারকারীসহ ৩ জন বাংলাদেশী নাগরিককে আটক করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। সোমবার (৭ জুলাই) রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার বেলবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তাদের একটি টহল দল সোমবার রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার বেলবাড়ী এলাকায় অভিযান চালায়। অভিযানে সীমান্ত পিলার ২০৭১/২-এস থেকে প্রায় ২০০ গজ ভেতরে বাংলাদেশের অংশে তারা অবৈধভাবে ভারতে পাচারের সময় ২ মানব পাচারকারী ও ৩ বাংলাদেশী নাগরিককে আটক করে। এ সময় পাচারে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- নেত্রকোনার দুর্গাপুর উপজেলার রাণিখং গ্রামের সোহাগ মিয়া (২৬) ও মো. হজরত আলী (২৮), পূর্বধলা উপজেলার বালিয়াকান্দা গ্রামের সাইদুর হক (২৪), কুমিল্লার বুড়িচং উপজেলার খারেরা ফকিরবাজার এলাকার মো. বিল্লাল (৪৫) ও পাহাড়পুর গ্রামের হাবিবুর রহমান (৩০)।
এছাড়া এই চক্রের আরো দুই পলাতক সদস্য হলেন— মো. নাজমুল হোসেন (৩২), পিতা আবু তাহের ও মো. আব্দুল আলিম (৪২), পিতা তারু মিয়া। তাদের দুজনের বাড়িই কুমিল্লার বুড়িচংয়ের ফকিরবাজারে।
বিজিবি জানিয়েছে, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়া পলাতক দুই মানব পাচারকারীকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
বিজিবি আরো জানায়, সীমান্ত এলাকায় মানব পাচার ও অবৈধ পারাপার ঠেকাতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।