মেহেরপুরের গাংনী উপজেলায় একটি ভোটকেন্দ্রের পাশ থেকে ককটেলসদৃশ একটি সন্দেহজনক বস্তু উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হিজলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামে ভোটকেন্দ্র থেকে প্রায় ১০০ গজ দূরে ঈদগাহ মাঠের গ্রিলের সঙ্গে ঝোলানো সন্দেহজনক একটি লাল শপিং ব্যাগ দেখতে পান স্থানীয়রা। ব্যাগের ভেতর তুলার মধ্যে কালো স্কচটেপে মোড়ানো বস্তুটি দেখে তারা দ্রুত গাংনী থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বালতির পানিতে ডুবিয়ে নিরাপদভাবে বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে গাংনী থানার ওসি উত্তম কুমার দাস জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। কে বা কারা কী উদ্দেশ্যে এটি সেখানে রেখেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
প্রাথমিকভাবে ধারণা, মঙ্গলবার রাতের কোনো এক সময় বস্তুটি সেখানে রাখা হয়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।