শারদীয় দুর্গা পূজা

মহাসপ্তমী উদযাপিত, আজ অষ্টমী ও কুমারী পূজা

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার গতকাল ছিল মহাসপ্তমী। বাংলা পঞ্জিকা অনুযায়ী, এ বছর শনি ও রোববার ‘মহাসপ্তমী’ তিথি থাকায় এ বছর দুই দিনব্যাপী ‘মহাসপ্তমী’ পূজা অনুষ্ঠিত হয়েছে।

সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে আজ উদযাপন করা হবে মহাষ্টমী এবং এর মধ্য দিয়েই শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে।

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজার সময়সূচি অনুযায়ী, আজ সকাল ৭টা ৩৪ মিনিটের মধ্যে মহাষ্টমীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে এবং সকাল ৭টা ৫৫ মিনিট থেকে ৮টা ৪৩ মিনিটের মধ্যে অনুষ্ঠিত হবে সন্ধি পূজা। অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে সন্ধি পূজা অনুষ্ঠিত হয়।

হিন্দু পুরাণ অনুসারে, আচারটি সেই মুহূর্তটিকে স্মরণ করিয়ে দেয়, যখন দেবী দুর্গা চণ্ড ও মুণ্ড নামক দুই অসুরকে বধ করার জন্য চামুণ্ডা রূপ ধারণ করেছিলেন।

ঐতিহ্য মেনে বিভিন্ন মন্দিরে অনুষ্ঠিত হবে কুমারী পূজা, যেখানে দেবী দুর্গাকে ‘কুমারী’ বা পবিত্র হৃদয়ের এক কুমারী বালিকার রূপে পূজা করা হয়। রাজধানীতে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনে সকাল সাড়ে ৯টায় কুমারী পূজা অনুষ্ঠিত হবে।

এ আচারের সময় সাধারণত ১-১৬ বছর বয়সী, বয়ঃসন্ধি-পূর্ব এক অবিবাহিত বালিকাকে দেবী দুর্গা তথা দিব্য নারীশক্তির জীবন্ত রূপ হিসেবে পূজা করা হয়। এ সময় ভক্তরা কুমারীর চরণে জল, বস্ত্র, ফুল এবং স্বর্ণ ও রৌপ্য অলংকার নিবেদন করেন।

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজার গতকাল ছিল মহাসপ্তমী। বাংলা পঞ্জিকা অনুযায়ী, এ বছর শনি ও রোববার ‘মহাসপ্তমী’ তিথি থাকায় এ বছর দুই দিনব্যাপী ‘মহাসপ্তমী’ পূজা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীসহ সারা দেশে হিন্দু ধর্মাবলম্বীরা পূজামণ্ডপগুলোয় যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পূজা-অর্চনার মাধ্যমে দুই দিনব্যাপী মহাসপ্তমী উদযাপন করে। দুর্গা ভক্তরা দেবীর আরাধনায় পূজামণ্ডপগুলোয় দিনভর ভিড় জমায়।

মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুক্রবার শুরু হয় সর্বজনীন শারদীয় দুর্গোৎসব। বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে ২১ অক্টোবর দুর্গোৎসব শেষ হবে।

পূজা উদযাপন পরিষদের তথ্যানুযায়ী, এ বছর সারা দেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গা পূজা হচ্ছে, যা গত বছরের তুলনায় ১ হাজার ৫০০টি বেশি।

পঞ্জিকামতে, জগতের মঙ্গল কামনায় এবার দেবী দুর্গা ঘোড়ায় চড়ে স্বর্গলোক থেকে মর্ত্যে আগমন করবেন। আর নৌকায় চড়ে স্বর্গলোকে ফিরে যাবেন।

হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সরকার এ বছর নির্বাহী আদেশের মাধ্যমে দুর্গা পূজার ছুটি তিনদিন করেছে। শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে এ ছুটি যুক্ত হয়ে ২০-২৪ অক্টোবর পর্যন্ত মোট পাঁচদিনের ছুটি পাওয়া যাবে।

আরও