মূসক বাড়ায় এলপিজির নতুন দাম নির্ধারণ বিইআরসির

১২ কেজি সিলিন্ডারের নতুন দাম ১,৪৫৯ টাকা

নতুন এ ঘোষণা গতকাল সন্ধ্যায়ই কার্যকর হয়েছে বলে বিইআরসির পক্ষ থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রাহক পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেড়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নতুন ঘোষণায় গ্রাহক পর্যায়ে প্রতিটি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪৫৯ টাকা। এর আগে চলতি মাসের শুরুতে তা নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৪৫৫ টাকা।

এছাড়া বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূল্য সংযোজন করসহ (মূসক) প্রতি কেজি গ্যাসের দাম ১২১ টাকা ৫৬ ও রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহকৃত গ্যাসের দাম ১১৭ টাকা ৮১ পয়সা নির্ধারণ করা হয়েছে।

নতুন এ ঘোষণা গতকাল সন্ধ্যায়ই কার্যকর হয়েছে বলে বিইআরসির পক্ষ থেকে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। মূলত সরকারের মূসক-সংক্রান্ত নতুন ঘোষণা কার্যকরের পরিপ্রেক্ষিতেই জ্বালানি পণ্যটির দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এবং সংশ্লিষ্ট প্রজ্ঞাপন ও আদেশ অনুযায়ী আরোপিত মূসক হার পরিবর্তনের ফলে জানুয়ারির জন্য এলপিজির নতুন এ মূল্য ঘোষণা করেছে বিইআরসি।

এর আগে ২ জানুয়ারি বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ সংস্থাটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানুয়ারির জন্য প্রতি ১২ কেজির সিলিন্ডারের দাম ডিসেম্বরের ১ হাজার ৪৫৫ টাকায় অপরিবর্তিত রাখার ঘোষণা দেন। সে সময় এলপিজির কেজিপ্রতি দাম ডিসেম্বরের মতো ১২১ টাকা ২৫ পয়সায় অপরিবর্তিত রাখার কথাও জানিয়েছিলেন তিনি।

আরও