অবমুক্ত করার জন্য সম্প্রতি উদ্ধার রাজ ধনেশ পাখির দুটি ছানাকে ডুলাহাজারা সাফারি পার্কে হস্তান্তর করেছে বান্দরবান বন বিভাগ। বৃহস্পতিবার (৭ আগস্ট) পাখি দুটিকে বুঝে নেয়ার পর তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছেন পার্কটির ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম মঞ্জু। দুই মাস আগে সাঙ্গু সংরক্ষিত বন থেকে উড়তে না জানা অবস্থায় এ দুটি পাখিকে উদ্ধার করে বন বিভাগের একটি দল।
থানচি রেঞ্জ ও সাঙ্গু সংরক্ষিত বনের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা ফরেস্টার মো. তৌহিদুর রহমান টগর বলেন, দুই মাস আগে সাঙ্গু সংরক্ষিত বনের ইয়াংমংপাড়া এলাকার একটি জুম ঘর থেকে রাজ ধনেশ পাখির দুটি ছানা উদ্ধার করা হয়। তাদের সাত প্রজাতির ডুমুর, আম, ছোট ব্যাঙ, কলা, কাঁঠালসহ খাদ্যাভাসে থাকা প্রায় সব ধরনের খাবার দেয়া হয়।
তিনি আরো জানান, সম্প্রতি পাখি দুটিকে অবমুক্ত করা জন্য সাঙ্গু সংরক্ষিত বনে নিয়ে সারা দিন ছেড়ে দেয়া হয়। তারা ২-৩ ফিট উঁচু গাছের ডালগুলোতে উঠা-নামা করলেও উঁচুতে উড়ছিল না। এজন্য আবার ফিরিয়ে আনা হয়। এবার অবমুক্ত করার জন্য ছানা দুটিকে ডুলাহাজারা সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে।
বন বিভাগ বান্দরবানের বিভাগীয় বন কর্মকর্তা মো. আবদুর রহমান বলেন, সাঙ্গু সংরক্ষিত বনে নিয়ে ছেড়েও উড়তে না পারায় ডুলাহাজারা সাফারি পার্কে হস্তান্তর করতে বাধ্য হয়েছি।
পাখি দুটিকে বুঝে নেয়ার পর কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছেন ডুলাহাজারা সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, চিকিৎসকের পরামর্শ ও নির্দেশনা অনুযায়ী পাখি দুটিকে পরিচর্যা ও অবমুক্ত করা হবে।
পাহাড়ের উঁচুতে আধ-খোলা পরিবেশে রেখে পাখি দুটিকে অবমুক্ত করার উপযোগী করে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ভেটেরিনারি অফিসার হাতেম সাজ্জাত মো. জুলকারনাইন। তিনি বলেন, যাতে ঈগল, চিল পাখির আঘাতে আক্রান্ত ও যে কোনো প্রাণীর শিকারে পরিণত না হয়, সেজন্য যথাযথ ব্যবস্থা নেয়া হবে। বর্তমানে পাখি দুটির বয়স সাড়ে ৩-৪ মাস হতে পারে। অবমুক্ত করার উপযোগী করতে এক বছর পর্যন্ত সময় লাগতে পারে।