সৌদি আরবের সঙ্গে মিল রেখে লক্ষ্মীপুরের ১১টি গ্রামে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। আজ সকাল ৭টায় রামগঞ্জ উপজেলার পার্ক এভিনিউ জাহাঙ্গীর টাওয়ারে খানকায়ে মাদানিয়া কাসেমিয়া ঈদগাহ ময়দানসহ জেলার বিভিন্ন স্থানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।
রামগঞ্জের নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, হোটাটিয়া, শরশোই, কাঞ্চনপুর ও রায়পুর উপজেলার কলাকোপা এবং সদর উপজেলার বশিকপুরসহ ১১টি গ্রামের প্রায় সহস্রাধিক মানুষ আজ ঈদুল আজহা উদযাপন করছেন।
রামগঞ্জ উপজেলার খানকায়ে মাদানিয়া কাসেমিয়া ঈদগাহে ঈদের জামায়াতে ইমামতি করেন রামগঞ্জ আলিয়া মাদ্রাসার প্রধান মোহাদ্দেস মাওলানা মো. রুহুল আমিন। অন্যান্য স্থানে মুসল্লিরা নিজ নিজ ঈদগাহে নামাজ আদায় করেন। পরে তারা আল্লাহর সন্তুষ্টি আদায়ে পশু কোরবানি করেন।
মাওলানা ইসহাকের অনুসারী হিসেবে পরিচিত এসব এলাকার মানুষ সৌদি আরবের সঙ্গে একই দিনে ঈদসহ অন্যান্য ধর্মীয় উৎসব পালন করে আসছে। এ প্রচলন ৪৯ বছর আগে শুরু বলে জানা গেছে।
খানকায়ে মাদানিয়া কাসেমিয়া ঈদগাহের ইমাম ও রামগঞ্জ আলিয়া মাদ্রাসার প্রধান মোহাদ্দেস মাওলানা রুহুল আমিন বলেন, এক সময় বিজ্ঞানের এমন উৎকর্ষ না থাকায় সংবাদ আদান-প্রদান সম্ভব হতো না। তবে বিজ্ঞানের এ যুগে সেই মাসআলা গ্রহণযোগ্য না। চার মাজহাবের মতে, পৃথিবীর একপ্রান্তে চাঁদ দেখা গেলে অপর প্রান্তেও তা পালনীয়। সে অনুযায়ী আমরা ধর্মীয় সব কার্যক্রম পালন করে আসছি। আগামীতেও আল্লাহর সন্তুষ্টি লাভে পালন করে যাব, ইনশাল্লাহ।