রাষ্ট্রের কল্যাণে কারো সঙ্গে আপস না করে পাহাড়ের মানুষের জন্য কাজ করার কথা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী সাচিংপ্রু জেরি। ঢাকায় বসে শুধু ফাইলে সই বা নির্দেশনা না দিয়ে মাঠে উপস্থিত থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চান বলে জানিয়েছেন তিনি। গতকাল সোমবার সচিবালয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে কক্সবাজার জেলার সার্বিক আইনশৃঙ্খলা, উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়সংক্রান্ত সভায় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে মন্ত্রীর নিয়ন্ত্রিত মুঠোফোনের বার্তা আদান-প্রদান গ্রুপে বান্দরবানে কর্মরত সাংবাদিকদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি পাঠান পার্বত্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা মো. রেজুয়ান খান।
বিজ্ঞপ্তিতে কক্সবাজার জেলাকে সুপরিকল্পিত মহাপরিকল্পনার আওতায় আনার ঘোষণা দেন মন্ত্রী। একই সঙ্গে দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধ ও মাদকের বিরুদ্ধে কঠোর নীতি গ্রহণের কথা জানান তিনি।
জাতীয় নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মাদক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন মন্ত্রী। রোহিঙ্গা সংকট ও কক্সবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে টেকসই সমাধানে স্বরাষ্ট্রমন্ত্রী ও কক্সবাজারের স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করে কাজ করার কথাও জানিয়েছেন তিনি।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নানের সঞ্চালনায় সভায় সীমান্ত অপরাধ ও চোরাচালান বন্ধ, অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান জোরদার, অপহরণ ও মানব পাচার রোধ এবং সারের পাচার বন্ধ ও সুষম বণ্টন নিশ্চিত করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।
এছাড়া পর্যটন নগরীর যান চলাচল ব্যবস্থাপনা এবং সেন্টমার্টিনে অবৈধ স্থাপনা ও অবৈধভাবে অবকাশকেন্দ্র নির্মাণ বন্ধেও কঠোর সিদ্ধান্ত নেয়া হয়।
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবি, কোস্টগার্ড ও প্রশাসনের সমন্বয়ে নিয়মিত যৌথ টহল এবং অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান চালানোর ওপর গুরুত্ব দেয়া হয়। অনলাইনে অনুষ্ঠিত সভায় স্থানীয় প্রশাসন, পুলিশ, বিজিবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পল্লী বিদ্যুৎসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা অংশ নেন।