সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী

ঢাকার কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলক তিনদিন করে সশরীর ও অনলাইন ক্লাস

যানজট নিরসন ও জ্বালানি সাশ্রয়ে ঢাকা মহানগরীর নির্বাচিত কিছু বড় শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে তিনদিন সরাসরি (অফলাইন) ও তিনদিন অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আগামী সপ্তাহ থেকে এটি পাইলটিং আকারে শুরু করা হবে।

গতকাল রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আপাতত ঢাকা মহানগরীর বড় ও যানজটপ্রবণ এলাকার রিনাউনড শিক্ষাপ্রতিষ্ঠানে এ পদ্ধতি ‘‘পাইলট প্রকল্প’’ হিসেবে চালুর উদ্যোগ নেয়া হচ্ছে। এটি সবার ওপর জোর করে চাপিয়ে দেয়া হচ্ছে না। যারা সক্ষমতা রাখে, সেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নিয়ে আমরা এ ‘‘ব্লেন্ডেড এডুকেশন’’ বা সমন্বিত শিক্ষা কার্যক্রম শুরু করছি।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, নির্বাচিত শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ছয়দিন ক্লাস চলবে। এর মধ্যে সশরীরে শনিবার, সোমবার ও বুধবার ক্লাস চলবে। আর অনলাইনে (বাসায় থেকে) ক্লাস হবে রবি, মঙ্গল ও বৃহস্পতিবার। শুক্রবার শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি থাকবে।

সংবাদ সম্মেলনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম সরকারের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ‘ভিকারুননিসা একটি বিশাল প্রতিষ্ঠান, যেখানে প্রায় ২৫ হাজার শিক্ষার্থী পড়াশোনা করে। বৈশ্বিক ও জাতীয় জ্বালানি সংকটের এ সময়ে আমাদের সবারই দেশের পাশে দাঁড়ানো উচিত। বর্তমানে যাত্রাবাড়ী বা দূরদূরান্ত থেকে আসা ছাত্রীরা সিএনজি বা রিকশা ভাড়া বৃদ্ধির কারণে নিয়মিত স্কুলে আসতে পারছে না। তাদের জন্য অনলাইন ক্লাস এক ধরনের বড় স্বস্তি নিয়ে আসবে।’

সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক ও রাজধানীর বিভিন্ন সুপরিচিত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

এদিকে শিক্ষার্থীদের শ্রমবাজারের উপযুক্ত করে গড়ে তুলতে শিক্ষাক্রম সময়োপযোগী করার পাশাপাশি ‘কারিগরি কোর্স’ যুক্ত করার উদ্যোগ নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ উদ্যোগের অংশ হিসেবে স্নাতক শিক্ষার্থীদের জন্য দ্বিতীয় বর্ষে অ্যাডভান্সড আইসিটি কোর্স এবং তৃতীয় ও চতুর্থ বর্ষে কর্মমুখী দক্ষতাভিত্তিক বিভিন্ন কোর্স অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করেছে বিশ্ববিদ্যালয়টি।

গতকাল প্রস্তাবিত এ শিক্ষাক্রম নিয়ে কর্মশালা আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষামন্ত্রী এ কর্মশালার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে নিজেদের পরিকল্পনার বিস্তারিত তথ্য তুলে ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এএসএম আমানুল্লাহ বলেন, ‘দেশের অধিকাংশ কলেজের উচ্চ শিক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির অধিভুক্ত কলেজের সংখ্যা ২ হাজার ২৭৩। এসব কলেজে প্রায় ৪০ লাখের বেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন, যা দেশের উচ্চ শিক্ষা গ্রহণকারী মোট শিক্ষার্থীর ৭০ শতাংশ। তাদের বেশির ভাগই মধ্য ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের সন্তান। পুরনো ও গতানুগতিক শিক্ষাক্রমের কারণে উচ্চ শিক্ষা গ্রহণ করার পর দক্ষতার অভাবে তাদের বেশির ভাগই বেকার থাকেন। এ বিপুলসংখ্যক শিক্ষার্থীকে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা ও প্রতিযোগিতায় টিকে থাকার উপযোগী করতে কারিকুলাম আধুনিক ও সময়োপযোগী করার পাশাপাশি টেকনিক্যাল কোর্স যুক্ত করা হচ্ছে।

আরও