বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় দুই
ব্যাংকের তিন শাখায় ডাকাতি ও গোলাগুলির ঘটনার পর স্থানীয় ব্যবসায়ী ও জনমনে ভর
করা আতঙ্ক কাটছে না। রুমা ও থানচি সদরের পরিস্থিতি রোববারও থমথমে অবস্থা বিরাজ
করছিল বলে জানিয়েছেন দুই উপজেলার ব্যবসায়ীরা। কেএনএফের শীর্ষস্থানীয় এক নেতার
গ্রেফতারের পর থানচি বাজারের পরিস্থিতি স্বাভাবিক হলেও জনমনে সৃষ্ট আতঙ্ক কাটছে না বলে জানিয়েছেন থানচির
স্থানীয় নেতৃবৃন্দ। রুমার পরিস্থিতিও থমথমে বলে জানিয়েছেন সেখানকার ব্যবসায়ীরা।
গত শনিবার সশস্ত্র সন্ত্রাসীদের হামলায়
ক্ষতিগ্রস্ত রুমার সোনালী ব্যাংকে পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান
খান কামাল। ওই দিন বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুমা ও থানচিতে কেএনএফের করা ঘটনাকে
জঘন্য অপরাধ বলেছেন তিনি। মন্ত্রীর পরিদর্শনের দিন থেকে কেএনএফকে নির্মূল করার
লক্ষ্য নিয়ে অপারেশনে নামে র্যাব। এ বাস্তবতায় শনিবার রাতে বান্দরবান সদর উপজেলার
সুয়ালক ইউনিয়নের শ্যারণপাড়া থেকে অভিযান চালিয়ে চেনজিং নামে কেএনএফের এক শীর্ষস্থানীয়
ব্যক্তিকে আটকের কথা জানিয়েছে র্যাব। আজ রোববার (৭ এপ্রিল) বিকেলে বান্দরবান
পার্বত্য জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় র্যাব।
এদিকে ঘটনার পর থেকে রুমা ও থানচিসহ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার প্রচেষ্টার অংশ হিসেবে ওই দুই উপজেলায় নিরাপত্তা জোরদার করতে নিরাপত্তা টহল বাড়িয়েছে আইনশৃঙ্খলারক্ষী বাহিনী।
সেলফোনে কথা হলে থানচি বাজারের ব্যবসায়ী
মিন্টু দাশ বণিক বার্তাকে বলেন, গত ৩ তারিখ সোনালি ও কৃষি ব্যাংকে ডাকাতি ও পরদিন রাতে
গোলাগুলির পর ব্যবসায়ীদের মধ্যে ভর করেছে গভীর আতঙ্ক। একই সঙ্গে বাজারে
স্থানীয়দের আনাগোনাও অনেকটা কমে গেছে। এ কারণে দোকান খুললেও বেচাকেনা হয় না। আবার
আসন্ন ঈদকে কেন্দ্র করে বাগি উদ্দেশ্যে ছুটছেন মুসলিম দোকানিরা। বেশি প্রয়োজন না
হলে মানুষজন বাজারে আসে না বলে জানান এ ব্যবসায়ী।
তবে বাজারের অবস্থা ধীরে ধীরে স্বাভাবিক হয়ে
আসছে বলে জানিয়েছেন থানচি বাজার পরিচালনা কমিটির সভাপতি খামলাই ম্রো। তিনি সেলফোনে
বণিক বার্তাকে বলেন,
বাজারসহ আশপাশের এলাকায় টহল, নজরদারি বাড়ানোই
বাজার পরিস্থিতির উন্নতি ঘটেছে।
রুমার ব্যবসায়ী ও স্থানীয় নেতারা নাম না
প্রকাশের শর্তে বণিক বার্তাকে বলেন, এলাকার পরিস্থিতি থমথমে হলেও বম সম্প্রদায়
ছাড়া অন্যান্য সম্প্রদায়ের মানুষের বাজারে আনাগোনা স্বাভাবিক রয়েছে। সামনে আসছে
ঈদ ও এর পরপরই নববর্ষ ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের সাংগ্রাইং। গত বছরে এ সময়ে বাজারের
অবস্থা রমরমা ছিল, এবার বিরাজ করছে আতঙ্ক।
বিষয়গুলো স্বীকার করেছেন রুমা বাজার
ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি অঞ্জন বড়ুয়া। তিনি বণিক বার্তাকে বলেন, গত শনিবার একটা নির্দেশনায়
ব্যবসায়ীদের বলা হয়েছে, কোনো ক্রেতাকে পাঁচ কেজির অধিক চাল
বিক্রি না করতে। একইভাবে অন্যান্য নিত্যপণ্যও সীমিত আকারে বিক্রি করতে বলা হয়েছে।
তবে বিশেষ প্রয়োজনে ক্যাম্পের অনুমতি নিয়ে চাহিদা অনুযায়ী নিত্যপণ্য ক্রয় করা যাবে
বলে জানান তিনি।
এদিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার রাতে কেনএফের এক শীর্ষ ব্যক্তিকে আটক করা হয়েছে বলে এক প্রেস ব্রিফিং এ জানিয়েছে র্যাব। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ অডিটোরিয়ামে করা প্রেস ব্রিফিংয়ে র্যাব ১৫ এর কর্নেল সাজ্জাদ সাংবাদিকদের বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে শ্যারণপাড়ার নিজ বাড়ি থেকে কেউজিং বম নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি কেএনএফ প্রতিষ্ঠার অন্যতম সমন্বয়ক এবং সম্প্রতি রুমা ও থানচিতে যে জঘন্যতম অপরাধ সংঘটিত হয়েছে তার উপদেষ্টা। এছাড়া তার বিরুদ্ধে জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়াকে মদদ দেওয়ারও তথ্য রয়েছে।