কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ৪ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। উদ্ধার মাদকের আনুমানিক বাজারমূল্য ১২ কোটি ৬০ লাখ টাকা।
বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, টহলদলটি সীমান্ত পিলার বিআরএম-১৭ এর প্রায় ২০০ গজ উত্তর-পশ্চিমে এবং জীম্বংখালী বিওপি থেকে প্রায় ৩ কিলোমিটার উত্তর-পূর্বে ‘সাকেরের ঘের’ এলাকায় অবস্থান নেয়। এ সময় মিয়ানমার থেকে তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে তারা পাশের ঘেরের পানিতে সাঁতরে দ্রুত মিয়ানমারের দিকে ফিরে যায়।
ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে প্লাস্টিকের বস্তার ভেতরে স্কচটেপ দিয়ে মোড়ানো ৪২টি প্যাকেট থেকে মোট ৪ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, পলাতক মাদককারবারিদের শনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধার ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।