রাজধানীর ভাটারা থানা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন মাদক উদ্ধার ও ৮৪ জনকে আটকের পর ওই বাড়ির মালিক পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। আব্দুল্লাহ আল জহির পুলিশ সদর দপ্তরে মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার শাখায় কর্মরত ছিলেন। তাকে ওই দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
গতকাল বিকালে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (কনফিডেন্সিয়াল) মোহাম্মদ শরীফ উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত সোমবার রাতে রাজধানীর ৩০০ ফিট এলাকায় ওই পুলিশ কর্মকর্তার মালিকানাধীন বাসায় অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে আইস, সিসা, ইয়াবা, মদ, গাঁজা, কুশসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়। সেখান থেকে ২৬ নারীসহ ৮৪ জনকে আটক করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, ঢাকার ৩০০ ফিট এলাকায় পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি-১-এ আবদুল্লাহ আল জহিরের একটা প্লট রয়েছে। সেখানে পাঁচটি কক্ষ নির্মাণ করে ‘এয়ারবিএনবি’ ওয়েবসাইটে দেয়া হয়েছে। সেই ওয়েবসাইট থেকে আগ্রহীরা ভাড়ার জন্য বুকিং নিয়ে সেখানে ডিজে পার্টি, মাদক সেবনসহ নানা অসামাজিক কাজ করত। দীর্ঘদিন ধরে এসব কর্মকাণ্ড চলে আসার তথ্যের ভিত্তিতেই সেখানে অভিযান চালানো হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে বাসাটিতে মাদক ও অবৈধ ডিজে পার্টি চলছিল। এসব তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়েছে। বাসাটি ওই পুলিশ কর্মকর্তা ভাড়া দিয়েছেন। তিনি সেখানে থাকেন না।
এদিকে অভিযোগের বিষয়ে অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির গণমাধ্যমকে জানান, গতকাল ওই বাড়ি একটি জন্মদিনের পার্টির জন্য ভাড়া দেয়া হয়।
ভাড়া নেয়ার সময় আগ্রহীদের জানিয়ে দেয়া হয় কি করা যাবে, কি করা যাবে না। নিয়ম ভঙ্গ করলে ১ লাখ টাকা জরিমানার ব্যবস্থা রয়েছে বলেও জানান তিনি। তার দাবি, যারা ভাড়া নিয়েছে তারা নিয়ম ভঙ্গ করেছে।