বাগেরহাটের মোংলা ইপিজেডে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ ও ভাংচুরের ঘটনা ঘটেছে। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক দফায় বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে বেপজা সিকিউরিটি ও পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে শ্রমিক ও পুলিশসহ ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
শ্রমিক ও পুলিশ জানায়, শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদ ও ন্যায্য পাওনার দাবিতে শ্রমিকরা সকাল থেকে মোংলা ইপিজেডের মূল ফটকের সামনে বিক্ষোভ করছিলেন। এ সময় একজন সিকিউরিটি গার্ড এসে ছবি তুলতে গেলে প্রতিবাদ করেন শ্রমিকরা। এতে ক্ষিপ্ত হয়ে শ্রমিকদের মারধর শুরু করলে সংঘর্ষ বাধে। পরে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রাসেলুর রহমান জানান, মোংলা ইপিজেড আইন মেনেই শ্রমিকদের ছাঁটাই করেছে। তবে শ্রমিকরা তা মানতে নারাজ। এ নিয়ে সংঘর্ষ হয়। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা মূল ফটক ছেড়ে চলে যান।