সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশীর মরদেহ নওগাঁয়

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে। প্রয়োজনীয় কাগজপত্র সৌদি আরবে পাঠানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সমন্বয় করে অ্যাম্বুলেন্স ভাড়া করে মরদেহগুলো বিনা খরচে নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত পরিচয় সনাক্ত হওয়া নওগাঁর আত্রাই উপজেলার সাতজনের মরদেহ এসেছে

সৌদি আরবের রাজধানী রিয়াদের সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশীর মরদেহ নওগাঁর আত্রাইয়ে পৌঁছেছে। ওই ঘটনায় ১৬ জন বাংলাদেশী নিহত হন, যাদের মধ্যে ১২ জন নওগাঁর দুই উপজেলার বাসিন্দা।

মরদেহগুলো গতকাল দিবাগত রাত দেড়টার দিকে আত্রাই থানা চত্বরে এসে পৌঁছায়। এর আগে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাশবাহী ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো বিকাল ৪টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে দেশে আনা হয়।

এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান বলেন, নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে। প্রয়োজনীয় কাগজপত্র সৌদি আরবে পাঠানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সমন্বয় করে অ্যাম্বুলেন্স ভাড়া করে মরদেহগুলো বিনা খরচে নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত পরিচয় সনাক্ত হওয়া নওগাঁর আত্রাই উপজেলার সাতজনের মরদেহ এসেছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালায়ের বরাত দিয়ে ইউএনও আরো বলেন, সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় শুরুতে নওগাঁর আত্রাই উপজেলার ১৩ জন নিহতের খবর পাওয়া গেলেও বর্তমানে আত্রাই উপজেলার ১১ জন এবং নওগাঁ সদর উপজেলার একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। বাকি মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলমান রয়েছে।

মনিরুজ্জামান বলেন, আজ শুক্রবার সকাল ১০টার দিকে আত্রাই উপজেলা সদরের মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে নিহত সাতজনের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর সেখান থেকে পরিবারের সদস্যদের কাছে মরদেহ বুঝিয়ে দেয়া হবে।

আরও