বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের প্রত্যাশা, অন্তর্বর্তীকালীন সরকার আগামী বছরের ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজন করবে। একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই দেশ সঠিক পথে অগ্রসর হবে।
আজ সোমবার (৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে সিলেটে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে প্রশ্নের জবাবে তিনি এ প্রত্যাশার কথা বলেন।
জুলাই ও আগস্টের আন্দোলনে শহীদ ও আহতদের প্রতি বিএনপি, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে শ্রদ্ধা, সম্মান ও সহানুভূতি জানিয়ে তিনি বলেন, আমরা আশাকরি বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য যে লড়াই করেছেন সেটি বাস্তবায়িত হতে যাচ্ছে। ইতোমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে লন্ডনে প্রধান উপদেষ্টার যে বৈঠক হয়েছে সেই বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। এই নির্বাচনের মধ্য দিয়ে দেশ ও জাতি গণতন্ত্রে ফিরে যাবে। জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে। দেশ তখন রাইট ট্র্যাকে (সঠিক রাস্তায়) উঠবে।
ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য বিএনপি অনেক জুলুম-নির্যাতনের শিকার হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, দীর্ঘ ১৫ বছর আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করেছি। আমাদের প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। কয়েক হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। গুমের শিকার হয়েছেন প্রায় ১৭শ’ জন। সেখানে সিলেটের অত্যন্ত সাহসী নেতা এম. ইলিয়াস আলীও রয়েছেন।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান মির্জা ফখরুল। পরে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারত করেন।
সিলেট সফরে বিএনপি মহাসচিবের সঙ্গে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ডা. এ জেড এম জাহিদ হোসেন, ইকবাল মাহমুদ টুকু, নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন প্রমুখ।