ফুটপাত দখলমুক্ত করতে বরিশাল সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান

নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলো আগে দখলমুক্ত করা হবে। ফুটপাত জনগণের চলাচলের জন্য—এ নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান চলবে। যতদিন পর্যন্ত অবৈধভাবে ফুটপাত ব্যবহার করা হবে, ততদিন অভিযান বন্ধ হবে না বলেও জানানো হয়েছে।

বরিশাল মহানগরীতে দীর্ঘদিনের যানজট, ফুটপাত দখল এবং অবৈধ স্থাপনার কারণে সৃষ্ট জনদুর্ভোগ নিরসনে উচ্ছেদ অভিযান শুরু করেছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি)। একটি সুশৃঙ্খল ও বাসযোগ্য নগর গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে বিসিসি কর্তৃপক্ষ। রোববার (১২ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় নগর ভবনের সামনে থেকে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাসের নেতৃত্বে পরিচালিত অভিযানে ফুটপাত, সড়ক, পার্ক এবং বিভিন্ন জনসমাগমস্থল থেকে অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম চালানো হয়।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, উচ্ছেদের আগে মানবিক দৃষ্টিকোণ বিবেচনায় অবৈধ দখলদারদের সাত দিনের সময় দেয়া হয় এবং মাইকিংসহ ব্যাপক প্রচারণা চালানো হয়। এতে অনেকেই স্বেচ্ছায় ফুটপাত ছেড়ে দিলেও এখনো কিছু স্থানে দখল অব্যাহত রয়েছে।

অভিযান সংশ্লিষ্টরা জানান, নগরীর গুরুত্বপূর্ণ এলাকাগুলো আগে দখলমুক্ত করা হবে। ফুটপাত জনগণের চলাচলের জন্য—এ নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান চলবে। যতদিন পর্যন্ত অবৈধভাবে ফুটপাত ব্যবহার করা হবে, ততদিন অভিযান বন্ধ হবে না বলেও জানানো হয়েছে।

স্বপন কুমার দাস বলেন, কিছু মানুষের অবৈধ সুবিধার জন্য নগরবাসীকে কষ্ট পেতে দেয়া হবে না। তিনি অভিযোগ করেন, মাঝে মাঝে কিছু ব্যক্তি অবৈধ দখলদারদের পক্ষ নিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করেন। তবে নগরবাসীর স্বার্থই প্রশাসনের মূল বিবেচ্য।

উল্লেখ্য, ১০ এপ্রিলের মধ্যে অবৈধ স্থাপনা অপসারণের নির্দেশ দিয়ে নগরজুড়ে মাইকিং করা হয়। পাশাপাশি নগর প্রশাসক বরিশাল প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং নগর ভবনে সাধারণ মানুষের মতামত গ্রহণ করেন। এসব আলোচনায় নগরবাসীর দীর্ঘদিনের সমস্যা, নাগরিক সেবা উন্নয়ন, খেলার মাঠ ও পার্ক রক্ষণাবেক্ষণ, যানজট নিরসনসহ বিভিন্ন দাবি উঠে আসে। নগর প্রশাসক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন এসব সমস্যার বাস্তবসম্মত সমাধান করে একটি আধুনিক ও পরিকল্পিত নগরী গড়ে তোলার আশ্বাস দেন। তারই অংশ হিসেবে নগরীতে চলছে এ উচ্ছেদ অভিযান।

আরও