খুলনা বিভাগে ১০ জেলায় বসবে ১৭০ হাট

কোরবানির পশু বিক্রির সুবিধার্থে খুলনা বিভাগের ১০ জেলায় এবার মোট ১৭০টি স্থায়ী ও অস্থায়ী পশুর হাট স্থাপন করা হচ্ছে।

এর মধ্যে খুলনা সিটি করপোরেশন (কেসিসি) পরিচালিত নগরের জোড়াগেট হাটসহ অন্তত ২৭টি হাট খুলনায় স্থাপন করা হচ্ছে। এছাড়া বাগেরহাটে ২৯টি, সাতক্ষীরায় ১৬, যশোরে ২০, ঝিনাইদহে ২২, মাগুরায় ১৫, নড়াইলে ১০, কুষ্টিয়ায় ১৭, চুয়াডাঙ্গায় আট ও মেহেরপুরে ছয়টি হাট স্থাপন করা হচ্ছে।

জেলা প্রশাসনের সহযোগিতায় প্রাণিসম্পদ অধিদপ্তরের স্থাপন করা এসব হাটে পশুর স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে ১৪২টি পশু চিকিৎসা দল দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন খুলনা বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক মো. গোলাম হায়দার।

ঈদুল আজহার আর দুই সপ্তাহ বাকি থাকতেই গবাদিপশু ব্যবসায়ীরা এসব সাপ্তাহিক হাটে পশু আনতে শুরু করেছেন। খুলনা নগরের জোড়াগেট পশুর হাটে গিয়ে দেখা যায়, হাট শুরুর প্রস্তুতি চলছে পুরোদমে। কয়েকজন পশু ব্যবসায়ীকেও ঘোরাফেরা করতে দেখা যায়। হাটসংশ্লিষ্টরা জানান, বিভাগের বিভিন্ন জেলা থেকে নদী ও সড়কপথে পশু আনা হয় এ হাটে। একই সঙ্গে হাটের পাশেই গমের ভুসি, পাতার ভুসি, ধানের ভুসি, খইল, শুকনা খড়, তাজা ঘাস ও আনুষঙ্গিক পণ্য নিয়ে বসেন মৌসুমি বিক্রেতারা। তাদের কাছে চাটাই, টুকরি, গাছের গুঁড়ি, রঙিন মালা ইত্যাদি পাওয়া যায়।

২০০৯ সাল থেকে প্রতি বছর নিজস্ব ব্যবস্থাপনায় খুলনা সিটি করপোরেশন ঈদের আগের সপ্তাহজুড়ে হাটটির আয়োজন করে। কারণ শহরে পশু রাখার জায়গার সংকট থাকায় নগরবাসী ঈদের এক-দুইদিন আগে গরু কেনাকাটায় বেশি আগ্রহী হন।

প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক মো. গোলাম হায়দার বলেন, ‘এ বছর খুলনা বিভাগে কোরবানির পশুর চাহিদার প্রায় পুরোটাই স্থানীয়ভাবে পালিত পশু দিয়ে মেটানো হবে বলে আশা করা হচ্ছে। এ বছর খুলনা বিভাগে কোরবানির পশুর চাহিদা প্রায় ১০ লাখ ৮০ হাজার। খামারিরা ঈদ সামনে রেখে ১৪ লাখ ৪৭ হাজারের বেশি পশু পালন করেছেন, যা চাহিদার ৩৮ দশমিক ৭৮ শতাংশ বেশি।’

প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এসব পশুর মধ্যে আছে ৫ লাখ ৩৯ হাজার ৯৬১টি গরু, ৪ হাজার ৮৯টি মহিষ, ৮ লাখ ৫১ হাজার ৩৭০টি ছাগল, ৫১ হাজার ১৭৩টি ভেড়া ও ২১৬টি অন্যান্য প্রাণী। গত বছর বিভাগজুড়ে ১৬৯টি স্থায়ী ও অস্থায়ী পশুর হাট স্থাপন করা হয়েছিল এবং ১৫২টি পশু চিকিৎসা দল মোতায়েন করা হয়েছিল। ১০ লাখ ৪৬ হাজার চাহিদার বিপরীতে মোট ১৪ লাখ ৩৪ হাজার কোরবানির পশু পালন করা হয়েছিল। ১১ লাখের বেশি কোরবানির পশু বিক্রি হয়।

আরও