বাংলাদেশের রেল যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও রপ্তানির ভূমিকা তুলে ধরেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। মঙ্গলবার পার্বতীপুরে বাংলাদেশ রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শনকালে তিনি যুক্তরাষ্ট্রে তৈরি লোকোমোটিভের রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন। ১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাইয়ের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
পার্বতীপুরের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শনের সময় রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের কোম্পানি প্রোগ্রেস রেলের তৈরি একটি লোকোমোটিভ পরিদর্শন করেন। পাশাপাশি এসব লোকোমোটিভের রক্ষণাবেক্ষণে নিয়োজিত বাংলাদেশ রেলওয়ের কর্মীদের সঙ্গে কথা বলেন।
পরে ট্রেনে করে সৈয়দপুরে যান মার্কিন রাষ্ট্রদূত। সেখানে তিনি ট্রেনের যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং ঐতিহাসিক সৈয়দপুর রেলওয়ে কারখানা ও জাদুঘর পরিদর্শন করেন।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ রেলওয়ের জন্য প্রোগ্রেস রেলের তৈরি ৪০টি লোকোমোটিভ ক্রয় যুক্তরাষ্ট্রের রপ্তানি ও প্রযুক্তি কীভাবে বাংলাদেশের অবকাঠামো ও উন্নয়ন অগ্রাধিকারে সহায়তা করতে পারে, তার একটি উদাহরণ। রাষ্ট্রদূতের এ সফরের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও ব্যবসায়িক সহযোগিতা সম্প্রসারণের বাস্তব ও দীর্ঘমেয়াদি সুফলও তুলে ধরা হয়েছে।