দেশের তরুণদের মধ্যে তথ্য সুরক্ষা ও গোপনীয়তা সম্পর্কে সচেতনতা বাড়াতে ‘প্রাইভেসি অ্যাভেঞ্জার্স’ নামে একটি জাতীয় পর্যায়ের সমস্যা সমাধানভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করেছে রবি আজিয়াটা পিএলসি। রবির ‘প্রাইভেসি ফার্স্ট’ উদ্যোগের অংশ হিসেবে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতায় দেশের সব বিশ্ববিদ্যালয়ের যেকোনো বিভাগের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। তিনজনের দল গঠন করে অংশগ্রহণকারীদের বাস্তব জীবনে তথ্য সুরক্ষা ও ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা সম্পর্কিত বিভিন্ন সমস্যা নিয়ে কার্যকর সমাধান উপস্থাপন করতে হবে। সমাধান তৈরির ক্ষেত্রে গ্রাহকের আস্থা, ব্যবসায়িক প্রয়োজন এবং নতুন প্রযুক্তির বিষয়গুলো বিবেচনায় নিতে হবে।
এ উদ্যোগের মাধ্যমে তরুণদের মধ্যে দায়িত্বশীলভাবে তথ্য ব্যবহারের সংস্কৃতি গড়ে তোলা এবং ভবিষ্যতের ডিজিটাল নেতৃত্ব তৈরিতে ভূমিকা রাখা রবির লক্ষ্য। প্রতিযোগিতায় অংশগ্রহণ সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। আগামী ১ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত রবির ( robi.com.bd/privacy-avengers ) ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করা যাবে। এ প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য মোট ৫ লাখ টাকার পুরস্কার দেয়া হবে।
নিবন্ধিত দলগুলোকে একটি নির্ধারিত সমস্যা বিশ্লেষণ করে ২৪ সেপ্টেম্বরের মধ্যে ধারণাপত্র জমা দিতে হবে। প্রাথমিক বাছাই শেষে সেরা ২০টি দল ‘প্রাইভেসি ডিফেন্ডারস’ হিসেবে পরবর্তী ধাপে অংশ নেবে। এরপর নির্বাচিত ১০টি দল শিল্পখাতের অভিজ্ঞ পেশাজীবীদের কাছ থেকে দিকনির্দেশনা পাওয়ার সুযোগ পাবে।
চূড়ান্ত পর্বে দলগুলো ১৩ অক্টোবর বিচারকদের সামনে তাদের সমাধান উপস্থাপন করবে। ১৫ অক্টোবর অনুষ্ঠিত অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে এবং বিজয়ী দলকে ‘প্রাইভেসি গার্ডিয়ান ২০২৬’ সম্মাননায় ভূষিত করা হবে।