কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ড

নিহতদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষায় লাগবে ৩-৪ সপ্তাহ

রোববার বেলা ১১টার দিকে ঢাকার মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয়ে তাদের পরিবারের চার সদস্য ডিএনএ নমুনা দিয়েছেন। দ্রুত পরীক্ষার মাধ্যমে মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করার দাবি জানান তিনি।

কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকায় ইনানীর টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। পরিচয় নিশ্চিত করতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে বলে জানিয়েছে কক্সবাজার সদর হাসপাতাল কর্তৃপক্ষ।

রোববার সন্ধ্যায় কক্সবাজার সদর হাসপাতালের হিমঘরে রাখা ১০টি মরদেহ থেকে ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুবক্তগীন মাহমুদ সোহেল প্রায় তিন ঘণ্টা ধরে নমুনা সংগ্রহের কাজ করেন। পরে নমুনাগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও ইনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রিমন ঘোষ জানান, মরদেহগুলো থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার জন্য নমুনাগুলো ঢাকার মালিবাগে পাঠানো হচ্ছে। পরীক্ষার ফল পাওয়ার পর নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আগুনে মরদেহগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় দেখে পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। এ কারণে ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করার উদ্যোগ নেয়া হয়েছে। এ প্রক্রিয়ায় নিহত ব্যক্তিদের মরদেহ থেকে সংগ্রহ করা নমুনার সঙ্গে তাদের বাবা-মা, ভাই-বোন কিংবা সন্তানের মতো নিকটাত্মীয়দের নমুনা মিলিয়ে দেখা হবে। পরীক্ষার ফলের ভিত্তিতে পরিচয় নিশ্চিত হওয়ার পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নিহত ব্যক্তিদের স্বজন রিয়াজ মাহমুদ রিপন জানান, রোববার বেলা ১১টার দিকে ঢাকার মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয়ে তাদের পরিবারের চার সদস্য ডিএনএ নমুনা দিয়েছেন। দ্রুত পরীক্ষার মাধ্যমে মরদেহগুলোর পরিচয় নিশ্চিত করার দাবি জানান তিনি।

কক্সবাজার সদর হাসপাতালের আরএমও সুবক্তগীন মাহমুদ সোহেল বলেন, নমুনা সংগ্রহ, পরীক্ষাগারে বিশ্লেষণ এবং ফল মিলিয়ে পরিচয় নিশ্চিত করার পুরো প্রক্রিয়ায় তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে। তবে অগ্রাধিকার ভিত্তিতে পরীক্ষা সম্পন্ন করার উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, কক্সবাজার সদর হাসপাতালে ডিএনএ পরীক্ষার নিজস্ব পরীক্ষাগার নেই। হাসপাতালের দায়িত্ব মরদেহ থেকে নমুনা সংগ্রহ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা। পরবর্তী পরীক্ষা ও পরিচয় শনাক্তের কাজ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সম্পন্ন করবে।

প্রসঙ্গত, ১৭ অক্টোবর সকালে মেরিনড্রাইভ লাগোয়া টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণ হারান ১০ পর্যটক, এ ঘটনার অধিকতর তদন্তে কাজ করছে জেলা প্রশাসনের সাত সদস্য বিশিষ্ট কমিটি।

আরও