মানিকগঞ্জের পাটুরিয়ায় ডুবে যাওয়া রো রো ফেরি আমানত শাহর উদ্ধার অভিযানে ব্যর্থ হয়েছে সরকারি উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম। এখন ফেরিটি উদ্ধার অভিযানে যোগ দেবে বেসরকারি সংস্থা জেনুইন এন্টারপ্রাইজ। এ ব্যাপারে সংস্থাটির সঙ্গে চুক্তিও হয়েছে।
আজ রোববার দুপুরে বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক (উদ্ধার) মো. ফজলুল রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে পাটুরিয়া ৫ নম্বর ঘাটে আমানত শাহ ফেরি ডুবির পর ডুবে যাওয়া সব যানবাহন উদ্ধার করে হামজা ও রুস্তম। তবে ফেরিটি তারা উদ্ধার করতে পারেনি। এমন পরিস্থিতিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নির্দেশনা না দেয়া পর্যন্ত উদ্ধার অভিযান বন্ধ রাখার কথা বলা হয়। আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথাও জানান ফজলুর রহমান।
মন্ত্রণালয়ে জরুরি বৈঠক শেষে ফজলুর জানান, বেসরকারি সংস্থা জেনুইন এন্টারপ্রাইজের সঙ্গে উদ্ধার কাজের চুক্তি হয়েছে। সব ঠিক থাকলে আগামীকাল সোমবার সকাল থেকে উদ্ধার কাজ শুরু হবে।
২৫০ টন সক্ষমতার তিনটি ইউন্স আমানত শাহ ফেরি উদ্ধার কাজে অংশ নেবে বলে জানিয়েছেন জেনুইন এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বদিউল আলম।