নভেল করোনাভাইরাস সংক্রমণের তৃতীয় ধাপে বাগেরহাটে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪০ জনের নমুনা পরীক্ষায় ২০ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। পরীক্ষার হিসেবে শনাক্তের হার দাঁড়িয়েছে ৫০ শতাংশ।
আজ রোববার দুপুরে বাগেরহাটের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান বণিক বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডেপুটি সিভিল সার্জন বলেন, নতুন শনাক্তের মধ্যে সদরে ৬,কচুয়ায় ১, ফকিরহাটে ৫, মংলায় ১ এবং শরণখোলা উপজেলায় ৭ জন রয়েছেন।এ নিয়ে জেলায় মোট ৭ হাজার ১২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।এদের মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ৯৩৫ জন। নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন ১৯০ জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪৪ জন।
বাগেরহাটে স্বাস্থ্যবিধি না মানায় সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়ে ডা. মো. হাবিবুর রহমান বলেন, স্বাস্থ্যবিধি মানাতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে । এ ছাড়া সকল নাগরিকের কভিড ভ্যাকসিন নিশ্চিতে প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হয়েছে।