রূপগঞ্জে অবৈধভাবে দখলকৃত ২৫ কোটি টাকার জমি উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আড়িয়াবো এলাকায় প্রায় ২৫ কেটি টাকা মূল্যের প্রায় ১২৬ শতাংশ জমি অবৈধ দখল মুক্ত করেছে তারাবো পৌরসভা। আজ মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযানে পৌরসভার ভেকু দিয়ে অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আড়িয়াবো এলাকায় প্রায় ২৫ কেটি টাকা মূল্যের প্রায় ১২৬ শতাংশ জমি অবৈধ দখল মুক্ত করেছে তারাবো পৌরসভা। আজ মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযানে পৌরসভার ভেকু দিয়ে অর্ধশতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।

তারাবো পৌরসভা সূত্রে জানা গেছে, ২০০৪ সাল থেকে আড়িয়াবো গ্রামের বাসিন্দা শাহীন ভূঁইয়া স্বপন সড়ক ও জনপদ বিভাগের এবং খাস খতিয়ানের প্রায় ১২৬ শতাংশ জমি নিজের দখলে নিয়ে নিজ নামে অর্ধশত দোকান-ঘর নির্মাণ করেন। ব্যবসায়ীদের কাছে এসব দোকান-ঘর ভাড়া এবং পজিশনও বিক্রি করেন। দীর্ঘদিন ধরে তিনি এ জমি ভোগ দখল করে আসছিলেন।

আজ তারাবো পৌরসভা কর্তৃপক্ষ এসব জমি দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান চালায়। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, প্রধান প্রকৌশলী জেড এম আনোয়ার হোসেন, সচিব তাইজুল ইসলাম, সহকারী প্রকৌশলী জাকির হোসেনসহ অনেকে।

অভিযানে উচ্ছেদ হওয়া জাহিদ স্টোরের মালিক জাহিদ হাসান বলেন, জমির মালিক দাবিদার শাহীনের কাছ থেকে তিনি পজিশন কিনে দোকান ঘর তুলেছেন। জমিটি শাহীন অবৈধভাবে দখল করেছিলেন কিনা, তা তার জানা নেই।

অভিযানে উচ্ছেদ হওয়া তাইজউদ্দিন ও শাহজাহান মিয়া বলেন, অবৈধ দখলের বিষয়টি না জেনেই তারা শাহীনের কাছ থেকে জমি কেনেন। সরকারি জমিতে বসত ঘর নির্মাণ করে এখন ব্যাপক ক্ষতির সম্মুখীন তারা।

এ ব্যাপারে অবৈধভাবে দখলের অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত শাহীন ভূঁইয়া স্বপন বলেন, অন্যায়ভাবে আমার স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

তারাবো পৌরসভার নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, গত কয়েক বছরে বহুবার নোটিশ করেও তাদের উচ্ছেদ করা যায়নি। নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, রূপগঞ্জ উপজেলার ইউএনওসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এখানে তারাবো পৌর মার্কেট নির্মাণ করে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধা ও ভূমিহীনদের মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে সরকারি নিয়মানুযায়ী দোকান বরাদ্দ দেয়া হবে।

আরও