মুজিবনগর সীমান্তে অনুপ্রবেশের সময় শিশুসহ আটক ১০

ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অপরাধে মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবেরপাড়া সীমান্ত থেকে ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটলিয়ন বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৩ মে) দিবাগত রাত ২টার দিকে তাদেরকে আটক করে মুজিবনগর বিজিবি ক্যাম্পে নেয়া হয়।

বিজিবি সুত্রে জানা গেছে, আটক ১০ জনই বাংলাদেশী। এরা হলেন- যশোরের সাইফুল ইসলাম মুন্না, তাজ উদ্দীন মোল্লা, দেবদাস বিশ্বাস, রুপা বিশ্বাস ও জয়দেব বিশ্বাস, খুলনার সেজুতি রায় ও কৌশল্লা, নড়াইলের অর্চনা রানী সরকার ও তারেক হোসেন এবং সাতক্ষীরার প্রসেনজিত দাস।

আটককৃতরা বিজিবিকে জানিয়েছে, তারা বিভিন্ন সময়ে অবৈধ পন্থায় ভারতে গিয়ে পুলিশের হাতে আটক হয়। বিভিন্ন মেয়াদে তাদের সাজা দেয়ার পর বিএসএফ সদস্যরা কাটাতারের বেড়া খুলে বাংলাদেশের মধ্যে ঠেলে দিয়েছে।

বিজিবি সুত্রে জানা গেছে, রাতে বিজিবি সদস্যরা টহলের সময় ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ দেখতে পান। এ সময় বাংলাদেশ সীমান্ত থেকে ১০ জনকে আটক করা হয়। অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের নামে মামলা দায়ের করে মুজিবনগর থানায় পাঠানো হয়েছে। ওই মামলার আসামি হিসেবে তাদেরকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান।

আরও