চাঁদা তোলার কাজে ব্যবহার না করাসহ বিভিন্ন শর্তসাপেক্ষে ১২ দিন আগে হাতি দুটির দেখভালকারীদের জিম্মায় দিয়েছিল বন বিভাগ। তবে জিম্মার শর্ত ভঙ্গ করার অভিযোগে প্রাণী দুটিকে আবার সাফারি পার্কে ফিরিয়ে আনা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর নির্দেশে গত সোমবার অভিযান চালিয়ে হাতি দুটিকে উদ্ধার করেন বন বিভাগের কর্মকর্তারা। গতকাল ভোর ৪টার দিকে নিহারকলি ও সকাল ১০টায় সম্রাটকে দুটি খোলা ট্রাকে গাজীপুরের শ্রীপুরে অবস্থিত সাফারি পার্কে নেয়া হয়। হাতি দুটি হস্তান্তরের সময় দেখভালকারীদের কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছিল। শর্ত ছিল হাতি যেন নির্যাতনের শিকার না হয়, কষ্ট দেয়া না হয়, তাকে দিয়ে যেন চাঁদাবাজি করানো না হয়। কিন্তু দেখভালকারীরা সে শর্ত ভঙ্গ করেছেন।