গাইবান্ধার পলাশবাড়ীতে বাস খাদে পড়ে রিক্তা বেগম (২৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ সকালে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিক্তা বেগম গাইবান্ধা সদর উপজেলার সাহার বাজার এলাকার আইজল হকের স্ত্রী।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে গাইবান্ধাগামী নিউ সাফা পরিবহনের একটি বাস সকাল ৭টার দিকে ঠুটিয়াপাকুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই রিক্তা বেগমের মৃত্যু হয়। এ সময় আহত হন অন্তত ১০ জন যাত্রী। তবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পলাশবাড়ী ফায়ার সার্ভিসের উপকেন্দ্র কর্মকর্তা লোকমান হাকিম বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালানো হয়। রিক্তা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
পলাশবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার বলেন, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।