বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় করা হত্যা মামলায় জেরিকা তাসনিম দিশাকে জিজ্ঞাসাবাদের জন্য চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাকে ঘটনার রাতে তাহসিফের সঙ্গে উত্তরার একটি বারে ঢুকতে ও বের হতে দেখা গিয়েছিল।
শনিবার রাতে ঢাকার কাফরুল থেকে গ্রেফতার করা হয় দিশাকে। তাকে গতকাল ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে হাজির করে সাতদিনের হেফাজতে চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ফিরোজ উদ্দিন। শুনানি শেষে বিচারক চারদিনের রিমান্ড মঞ্জুর করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন জানান।
এর আগে শনিবার আহমেদ শাহরিয়ার রেজা দীপকে চারদিনের রিমান্ডে পাঠান আদালত।
তাহসিফ সাউরির ভাসমান মরদেহ বুধবার বিকালে তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে উদ্ধার করে নৌ-পুলিশ।
গতকাল রিমান্ড শুনানিতে প্রসিকিউটর শামছুদ্দোহা সুমন বলেন, ‘পূর্বে রিমান্ডে থাকা অন্য আসামি আহমেদ শাহরিয়ার রেজা দীপের দেয়া বক্তব্যের সঙ্গে আসামির তথ্য ক্রস-চেক বা মিলিয়ে দেখা প্রয়োজন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামির সর্বোচ্চ রিমান্ডের প্রার্থনা করছি।’ শুনানি শেষে আদালত তাকে চারদিন রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।