রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রেলস্টেশনে চলন্ত ট্রেন থেকে শিক্ষার্থীদের লক্ষ্য করে পাথর নিক্ষেপের ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী। তাদের মধ্যে দুজনকে রাজশাহী রেলস্টেশন এলাকা থেকে এবং অপরজনকে ঈশ্বরদী থেকে আটক করা হয়েছে।
আজ বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান।
প্রক্টর বলেন, কিছুদিন ধরে রাবি রেলস্টেশনে শিক্ষার্থীদের লক্ষ্য করে পাথর নিক্ষেপের ঘটনা ঘটছে। এ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন উদ্বিগ্ন। বিষয়টি অনুসন্ধানে রেল কর্তৃপক্ষের সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন একাধিকবার যোগাযোগ করেছে। এর পর আজ রাজশাহী রেলস্টেশন এলাকা থেকে সন্দেহভাজন দুজনকে আটক করা হয়। পরে ঈশ্বরদী থেকেও আরো একজনকে আটক করা হয়। এ নিয়ে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর হাতে মোট তিনজন আটক হয়েছেন।
তিনি আরো বলেন, আটক ব্যক্তিদের রিমান্ডে নিয়ে এ ঘটনার পেছনে কারা রয়েছে, তা খতিয়ে দেখার কথা জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
এর আগে, গত কয়েকদিন ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয় রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের লক্ষ্য করে চলন্ত ট্রেন থেকে ইট-পাথর নিক্ষেপের অভিযোগ ওঠে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। পাশাপাশি স্টেশনের আশপাশের কয়েকটি দোকানেও ক্ষয়ক্ষতি হয়।