জনপ্রশাসন উপদেষ্টা

ক্যাম্পাসের গণ্ডি পেরিয়ে ওয়ান কার্ড হতে পারে সবগুলো জনবান্ধব সেবার একক সমাধান

বিশেষ অতিথির বক্তব্যে ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে. এম. মোজিবুল হক ওয়ানকার্ডকে বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিগত অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এ উদ্যোগ ইউএপির ডিজিটাল সেবা আরো শক্তিশালী করার পাশাপাশি একটি আধুনিক, দক্ষ ও সংযুক্ত ক্যাম্পাস পরিবেশ গড়ে তুলতে ভূমিকা রাখবে।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, ওয়ান কার্ড শুধু একটি ক্যাম্পাসভিত্তিক সুবিধা হিসেবে সীমাবদ্ধ থাকবে না। এটি ভবিষ্যতে প্রযুক্তিনির্ভর সেবা সহজীকরণের একটি অনুসরণযোগ্য একক সমাধান হয়ে উঠতে পারে।

আজ সোমবার ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ও ডিজি ইনফোটেক লিমিটেড এর যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়টির অডিটোরিয়ামে "ইউএপি ওয়ান কার্ড উদ্বোধন ২০২৬" অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা একথা বলেন।

তিনি আরো বলেন, এ ধরনের উদ্ভাবনী উদ্যোগ শুধু শিক্ষা প্রতিষ্ঠানের সেবা ব্যবস্থাকে আধুনিক করবে না, বরং বৃহত্তর পরিসরে জনসেবা প্রদানেও প্রযুক্তির কার্যকর প্রয়োগের পথ দেখাবে।

ইউএপি ‘ওয়ান কার্ড’ উদ্যোগের মাধ্যমে একটি ভালো কাজ শুরু করেছে। প্রথমে একটি বিভাগে এ ধরনের কার্যক্রম শুরু করে এর অভিজ্ঞতা কাজে লাগিয়ে পর্যায়ক্রমে অন্যান্য বিভাগেও তা চালু করা যেতে পারে বলে তিনি উল্লেখ করেন।

সরকারের জাতীয় পর্যায়ে ইউনিক আইডি কার্ড চালুর উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, একেকটি কাজের জন্য একেক ধরনের পরিচয়পত্র তৈরি না করে একটি ইউনিক আইডির মাধ্যমে নাগরিকদের বিভিন্ন সেবা দেয়ার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে ইউএপির পাইলট প্রকল্পের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ হতে পারে।

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকার প্রশংসা করে উপদেষ্টা বলেন, দেশে উচ্চশিক্ষার সম্প্রসারণে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর বর্তমানে এ সংখ্যা ১০০-এর বেশি হয়েছে। দেশের শিক্ষার বিস্তারে এসব বিশ্ববিদ্যালয়ের অবদান অস্বীকার করার সুযোগ নেই।

বিশেষ অতিথির বক্তব্যে ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে. এম. মোজিবুল হক ওয়ানকার্ডকে বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিগত অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এ উদ্যোগ ইউএপির ডিজিটাল সেবা আরো শক্তিশালী করার পাশাপাশি একটি আধুনিক, দক্ষ ও সংযুক্ত ক্যাম্পাস পরিবেশ গড়ে তুলতে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, ওয়ানকার্ড একটি আধুনিক ও সমন্বিত সেবা ব্যবস্থাপনার ধারণা, যেখানে ডিজিটাল পরিচয়, পেমেন্ট ও ক্রেডেনশিয়াল ব্যবস্থাপনাকে একই প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে। এর ফলে দৈনন্দিন ক্যাম্পাস কার্যক্রম আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে।

অনুষ্ঠানে ওয়ান কার্ডের বিভিন্ন সেবা ও কার্যক্রম নিয়ে ভিডিও প্রদর্শন করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর পর্ব। এতে ডিজি ইনফোটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব রাশেদ মাহমুদ ওয়ানকার্ডের প্রযুক্তিগত দিক এবং সমন্বিত পেমেন্ট ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

অনুষ্ঠানে ব্রাক ব্যাংকের ব্যাবস্থাপনা পরিচালক, ইউএপির ট্রাস্টি বোর্ডের সদস্যরা, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও