নস্ট্রো অ্যাকাউন্ট বা বিদেশী হিসাব

তিন মাসে বাণিজ্যিক ব্যাংকের রিজার্ভ স্থিতি কমেছে ১১২ কোটি ডলার

দেশে ডলারের প্রবাহ বাড়লেও বাণিজ্যিক ব্যাংকগুলোর বিদেশী হিসাবে (নস্ট্রো অ্যাকাউন্ট) ডলার স্থিতি কমেছে। চলতি বছরের জুন শেষে ব্যাংকগুলোর বিদেশী হিসাবে স্থিতির পরিমাণ ছিল ৬১০ কোটি ৩৩ লাখ ডলার।

দেশে ডলারের প্রবাহ বাড়লেও বাণিজ্যিক ব্যাংকগুলোর বিদেশী হিসাবে (নস্ট্রো অ্যাকাউন্ট) ডলার স্থিতি কমেছে। চলতি বছরের জুন শেষে ব্যাংকগুলোর বিদেশী হিসাবে স্থিতির পরিমাণ ছিল ৬১০ কোটি ৩৩ লাখ ডলার। ধারাবাহিকভাবে কমে সেপ্টেম্বর শেষে এ স্থিতি ৪৯৮ কোটি ১০ লাখ ডলারে নেমে এসেছে। সে হিসাবে চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিন মাসে ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে ১১২ কোটি ডলার বা ১৮ দশমিক ৩৮ শতাংশ।

সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক অস্থিরতা, ছাত্র-জনতার অভ্যুত্থানসহ অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য অনুমোদিত ঋণসীমা কমিয়ে এনেছে বিদেশী ব্যাংকগুলো। এক্ষেত্রে আমদানি কমে যাওয়ার প্রভাবও রয়েছে। আবার ব্যাংকগুলোর অফশোর ব্যাংকিং ইউনিটের বিনিয়োগ স্থিতিও কমছে। এসবের প্রভাবে বাণিজ্যিক ব্যাংকগুলোর ডলার রিজার্ভ কমে গেছে।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ মাহবুবুর রহমান জানান, ‘ব্যাংকগুলোর অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে বিদেশ থেকে নতুন ঋণ আসছে খুবই কম। বিপরীতে আগে আসা ঋণই বেশি পরিশোধ করা হচ্ছে। আন্তর্জাতিক বাজারে ঋণের সুদহারও এখন বেশ চড়া। আগে দেশের উদ্যোক্তারা বিদেশী প্রতিষ্ঠান থেকে বায়ার্স ক্রেডিট নিতেন। কিন্তু সুদহার বেশি হওয়ার পাশাপাশি ডলারের বিনিময় হারে অস্থিরতার কারণে এখন বায়ার্স ক্রেডিট নেয়া প্রায় বন্ধ হয়ে গেছে। আমদানির ক্ষেত্রে বিদেশী ব্যাংকগুলো ক্রেডিট লিমিটও কমিয়ে দিয়েছে। বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভ স্থিতি কমে যাওয়ার ক্ষেত্রে এসবের প্রভাব রয়েছে।’

তিনি বলেন, ‘নতুন গভর্নর দায়িত্ব নেয়ার পর বিদেশী ব্যাংকগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। দ্রুততম সময়ের মধ্যে বকেয়া এলসি দায় পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছেন। এরই মধ্যে অনেক মেয়াদোত্তীর্ণ এলসি দায় পরিশোধ করা হয়েছে। আর রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতিও স্থিতিশীল হয়ে আসছে। আশা করছি, বিদেশী ব্যাংকগুলোও তাদের ক্রেডিট লিমিট স্বাভাবিক করে আনবে।’

বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, ২০২১ সালের জুলাইয়ে দেশের ব্যাংকগুলোর বিদেশী হিসাবে থাকা ডলারের রিজার্ভ ছিল ৬০০ কোটি বা ৬ বিলিয়ন ডলার। এরপর থেকে দেশে ডলারের সংকট বাড়তে থাকে। ফলে ব্যাংকগুলোর নস্ট্রো হিসাবে ডলার স্থিতির পরিমাণও কমে যায়। ২০২২ সালের জুন শেষে এ স্থিতির পরিমাণ ছিল ৫২০ কোটি ৫৯ লাখ ডলার। ২০২৩ সালের জুনে এ স্থিতি কিছুটা বেড়ে ৫৫৩ কোটি ২ লাখ ডলারে উন্নীত হয়। দুই বছর আগের তুলনায় চলতি বছরের শুরু থেকে ডলার সংকট কিছুটা কমতে শুরু করে। এতে গত জুন শেষে ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেড়ে ৬১০ কোটি ৩৩ লাখ ডলারে উন্নীত হয়।

তবে জুলাই থেকেই এ স্থিতি আবারো কমতে শুরু করে। সর্বশেষ ৩০ সেপ্টেম্বর ব্যাংকগুলোর ডলার স্থিতি ৪৯৮ কোটি ১০ লাখ ডলারে নেমে যায়। ব্যাংকগুলো মূলত আমদানির এলসি দায় ও বিদেশী ঋণ পরিশোধের জন্য বিদেশী হিসাব বা নস্ট্রো অ্যাকাউন্টে ডলার সংরক্ষণ করে।

চলতি বছরের জুন শেষে দেশের ব্যাংক খাতের স্বল্পমেয়াদি বিদেশী ঋণ ছিল ১ হাজার ১৪০ কোটি ডলার। এর মধ্যে ৭৬ কোটি ৬৮ লাখ ডলার ছিল ডেফার্ড পেমেন্ট বা বিলম্বিত দায়। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, এক বছর আগে বিলম্বিত এ দায় ১ বিলিয়ন ডলারেরও বেশি ছিল। গত তিন মাসে ডেফার্ড পেমেন্টের পরিমাণ জুনের চেয়েও অনেক কমেছে।

রিজার্ভ কিছুটা কমলেও আগের তুলনায় দেশে ডলারের সরবরাহ ভালো বলে জানান শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ। বণিক বার্তাকে তিনি বলেন, ‘দুই বছর আগের তুলনায় দেশে ডলারের সরবরাহ ভালো। অনেক ব্যাংকের কাছেই পর্যাপ্ত ডলার আছে। কিন্তু সমস্যা হলো এলসির সংখ্যা অনেক কমে গেছে। দেশের অর্থনীতি অনেকটাই স্থবির। নতুন বিনিয়োগ নেই বললেই চলে। আবার বিদেশী ব্যাংকগুলোও বাংলাদেশের ব্যাংকগুলোর ঋণসীমা কমিয়ে দিয়েছে। এলসি খোলার কমিশন ও অ্যাড কনফারমেশন রেটও বেড়ে গেছে। ব্যাংক খাত স্থিতিশীল ও শক্তিশালী না হলে এ পরিস্থিতির উন্নতি হবে না।’

বাণিজ্যিক ব্যাংকগুলোর পাশাপাশি গত তিন মাসে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভও ১৭৫ কোটি বা ১ দশমিক ৭৫ বিলিয়ন ডলার কমেছে। গত ৩০ জুন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী (বিপিএম৬) বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ছিল ২ হাজার ১৬৮ কোটি বা ২১ দশমিক ৬৮ বিলিয়ন ডলার। সেপ্টেম্বর শেষে এ রিজার্ভ ২০ দশমিক ৭৯ বিলিয়ন ডলারে নেমে এসেছে। সর্বশেষ ১৬ অক্টোবর রিজার্ভের পরিমাণ আরো কমে ১৯ দশমিক ৯৩ বিলিয়ন ডলারে ঠেকেছে।

তবে গত তিন বছর যে হারে রিজার্ভের ক্ষয়ের ধারা ছিল, সেটি এখন শ্লথ হয়ে এসেছে। ২০২১ সালের আগস্টে বাংলাদেশ ব্যাংকের গ্রস রিজার্ভ ছিল ৪৮ বিলিয়ন ডলার (কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব হিসাবায়ন অনুযায়ী)। এরপর থেকে ধারাবাহিকভাবে রিজার্ভে ক্ষয় হয়েছে। এ সময়ে প্রতি মাসে রিজার্ভ থেকে এক-দেড় বিলিয়ন ডলার বিক্রি করতে হয়েছে। নতুন গভর্নর দায়িত্ব নেয়ার পর রিজার্ভ থেকে ডলার বিক্রি বন্ধ রাখা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর একটি গণমাধ্যমকে বলেছেন, ‘আগের সরকারের আমলে রিজার্ভ প্রতি মাসে ১ দশমিক ৩ বিলিয়ন (১৩০ কোটি) ডলার করে কমে আসছিল, তবে এখন তা একটি ইতিবাচক প্রবণতায় ফিরছে। গত দুই মাসে রিজার্ভে হাত না দিয়েও ১৮০ কোটি ডলারের বকেয়া দায় পরিশোধ করা হয়েছে। এতে দেশের অপরিশোধিত বিল ২৫০ কোটি ডলার থেকে ৭০ কোটিতে নেমে এসেছে। এ সময়ে সার, বিদ্যুৎ ও আদানি-শেভরনের বকেয়া বিল পরিশোধ করা হয়েছে। আগামী দুই মাসের মধ্যে বকেয়া ৭০ কোটি ডলারের বিলও পরিশোধ করা হবে।’

আরও