ক্রয় কমিটির সভায় সিদ্ধান্ত

সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনবে সরকার

দেশের জ্বালানি চাহিদা পূরণে সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে এক কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।

দেশের জ্বালানি চাহিদা পূরণে সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে এক কার্গো এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় এ অনুমোদন দেয়া হয়। এছাড়া সার কেনাসহ আরো কয়েকটি ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়েছে। সিঙ্গাপুরের প্রতিষ্ঠান ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেডের কাছ থেকে এই এলএনজি কিনতে ব্যয় হবে ৫৩১ কোটি ৫৫ লাখ ৮০ হাজার ৩৪৫ টাকা। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে ১২ দশমিক ৬২ ডলার।

শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের (কাফকো) কাছ থেকে ৩০ হাজার টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে ব্যয় হবে ১৪৬ কোটি ৫৩ লাখ ১১ হাজার টাকা। প্রতি টন সারের দাম পড়বে ৩৯৭ দশমিক ৭৫ ডলার।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের খুলনা জোনের ‘সাতক্ষীরা-সখিপুর-কালীগঞ্জ (জেড-৭৬০২) এবং কালীগঞ্জ-শ্যামনগর-ভেটখালী (জেড-৭৬১৭) মহাসড়ক যথাযথ মানে উন্নীতকরণ’ শীর্ষক প্রকল্পের প্যাকেজ ডব্লিউপি ০৩-এর আওতায় একটি ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে ব্যয় হবে ১০৬ কোটি ৮৮ লাখ ৩৫৪ টাকা। সুপারিশকৃত দরদাতা মো. মঈনউদ্দিন (বাশি) লিমিটেড।

বিদ্যুৎ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ‘বিপিডিবির বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন (ঢাকা ও ময়মনসিংহ বিভাগ) (বিশেষ সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় সাবস্টেশন স্থাপন, পূর্ত কাজ ও ভূমি উন্নয়নের ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এতে ব্যয় হবে ১৪৪ কোটি ৯৪ লাখ ৭০ হাজার ২৭ টাকা।

আরও