গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮৫ জন। এ নিয়ে, গত ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৭৪১ শিশুর আর নিশ্চিত হামে মারা গেছে ৯৬ জন।
শুক্রবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষক নিয়মিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯০০ জন। গত ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ১ লাখ ২৮ হাজার ৩১০ জন। অন্যদিকে, নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৮৫ জন। নতুন আক্রান্তদের নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৬ হাজার ৫৯ জন।
এছাড়া, গত ১৫ মার্চ থেকে ৩১ জুলাই পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১০ হাজার ৯৮৭ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬ হাজার ৮৫৯ জন।