দীর্ঘ পাঁচ মাস ধরে উপাচার্য শূন্য বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ২৯ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য ড. এসএম ইমামুল হককে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় শিক্ষা মন্ত্রণালয়। সেই থেকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার উপাচার্যের রুটিন কাজ করছেন। আগামী মাসে তিনিও অবসরে যাচ্ছেন।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. একেএম মাহবুব হাসানের চাকরির মেয়াদ শেষ হচ্ছে আগামী ১০ অক্টোবর। এ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের দুটি গুরুত্বপূর্ণ পদ খালি হলে শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ও ভিসি বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক লোকমান হোসেন বলেন, শিক্ষার্থীরা দীর্ঘদিন একজন স্বৈরাচারী, দুর্নীতিবাজ উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন। এ আন্দোলন ছিল স্বৈরাচারের বিরুদ্ধে মুক্তির আন্দোলন, বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রাম।
লোকমান বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীই চায়, বিশ্ববিদ্যালয় যেন সঠিকভাবে পরিচালিত হয়। সব শিক্ষার্থী যেন নিজের শিক্ষা এবং শিক্ষাসংশ্লিষ্ট কার্যক্রমে সঠিকভাবে অংশ নিতে পারেন। নতুন উপাচার্যের নিয়োগ ছাড়া বিশ্ববিদ্যালয়ে সে গতি আসবে না। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম গতিশীল করার জন্য জরুরি ভিত্তিতে রাষ্ট্রপতি নতুন উপাচার্য নিয়োগ দেবেন বলে আশা করেন তিনি।