দুর্গাপূজায় প্রথমবারের মতো বিআরটিসির বিশেষ বাস সার্ভিস, চালু ২০ অক্টোবর

প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ পরিচালনা করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। আজ বৃহস্পতিবার বিকালে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, দুর্গোৎসব ২০২৬ উদযাপন উপলক্ষে সড়কপথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সরকারের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের নির্দেশনা অনুযায়ী প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ পরিচালনা করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)।

রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বিআরটিসি’র বিশেষ এই বাস সার্ভিস আগামী ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত পরিচালিত হবে। এ উপলক্ষে ১৬ অক্টোবর থেকে ঢাকাসহ সারা দেশে বিআরটিসি’র ২২টি বাস ডিপো থেকে বাসের অগ্রিম টিকেট বিক্রয় ও রিজার্ভের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রাজধানী ঢাকা ও গাজীপুর থেকে রংপুর, বগুড়া, গাইবান্ধা, দিনাজপুর, পাবনা, ঠাকুরগাঁও, লালমনিরহাট, কুড়িগ্রাম, রাজশাহী, নওগাঁ, পঞ্চগড়, ভূরুঙ্গামারী, মাদারীপুর, গোপালগঞ্জ, কুষ্টিয়া, বরিশাল, খুলনা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, জামালপুর, সিলেট, সুনামগঞ্জ ও চট্টগ্রামের বিভিন্ন রুটে জেলার মধ্যে এবং আন্তঃজেলা সার্ভিসের জন্য ২০০টি বাস প্রস্তুত রেখেছে বিআরটিসি। যাত্রীসাধারণের চাহিদার ভিত্তিতে বাসের সংখ্যা বৃদ্ধি করা হবে।

এই বিশেষ বাস সার্ভিসের জন্য বিআরটিসি মতিঝিল আন্তর্জাতিক বাস ডিপো, ফুলবাড়িয়া সিবিএস-২, সায়েদাবাদ বাস টার্মিনাল, গাজীপুর চৌরাস্তা, চন্দ্রা মোড় ও মহাখালী বাস টার্মিনালে ৬০টি বাস স্ট্যান্ডবাই রাখা হবে।

‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’র সেবা গ্রহণ এবং এই সার্ভিস সংক্রান্ত যে কোনো প্রয়োজনে যাত্রীসাধারণকে বিআরটিসি প্রধান কার্যালয়ে অবস্থিত কেন্দ্রীয় কন্ট্রোলরুমে (টেলিফোন: ০২৪১০৫৩০৪২, মোবাইল: ০১৩২৪২৯৩৯৭৪, ০১৭১৮১৮৩৫৮৯) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

আরও