বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) আয়োজিত দেশের অন্যতম বৃহৎ ও জনপ্রিয় করপোরেট ফুটবল টুর্নামেন্ট ‘বিজিএমইএ কাপ ২০২৬’-এর ট্রফি উন্মোচন, ‘বিজিএমইএ-বাফুফে অংশীদারত্ব উদযাপন’ এবং মেগা অকশন অনুষ্ঠান গতকাল অত্যন্ত উৎসবমুখর ও আড়ম্বরপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বিজিএমইএ কমপ্লেক্সের নূরুল কাদের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, বাফুফের সহসভাপতি ফাহাদ মোহাম্মদ আহমেদ করিম ও দুই প্রতিষ্ঠানের নেতাদের সঙ্গে নিয়ে অত্যন্ত আনন্দঘন পরিবেশে বিজিএমইএ কাপ ২০২৬-এর ট্রফি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী।
মাহমুদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো ছিলেন বিজিএমইএর সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান, সহসভাপতি মো. রেজোয়ান সেলিম, সহসভাপতি (অর্থ) মিজানুর রহমান, পরিচালক শাহ রাঈদ চৌধুরী, পরিচালক নাফিস-উদ-দৌলা, জোয়ারদার মোহাম্মদ হোসনে কমার আলম, সাবেক পরিচালক মো. ইমরানুর রহমান এবং স্পোর্টস কমিটির চেয়ারম্যান মো. সাজ্জাদ আলী খান, সাসটেইনেবল এনার্জি কমিটির চেয়ারম্যান মো. সাইফুর রহমান সাপুসহ বিজিএমইএর বিভিন্ন কমিটির সদস্য ও পোশাক শিল্প খাতের বিশিষ্ট উদ্যোক্তারা। স্বাগত বক্তব্য রাখেন বিজিএমইএর মহাসচিব মেজর জেনারেল ড. মো. সাহেদুল ইসলাম (অব.)।
অনুষ্ঠানের শুরুতে বিজিএমইএর পরিচালক ও স্পোর্টস কমিটির ডাইরেক্টর ইন চার্জ শাহ রাঈদ চৌধুরী বিজিএমইএ ও বাফুফের সহযোগিতামূলক অংশীদারত্বের বিভিন্ন দিক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘বাণিজ্য সংগঠন হওয়া সত্ত্বেও বিজিএমইএ বিভিন্ন সামাজিক ও জাতীয় কার্যক্রমে ভূমিকা রাখছে। ঢাকার অভ্যন্তরে উপযুক্ত মাঠ পেলে বিজিএমইএ নিজস্ব ব্যবস্থাপনায় সেগুলোর উন্নয়ন ও দেখভাল করবে।’
আগামী ২২ অক্টোবর ১৬টি দলের অংশগ্রহণে বিজিএমইএ কাপের চূড়ান্ত প্রতিযোগিতা শুরু হবে। এর আগে গতকাল মেগা অকশনের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়।
টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতা করছে বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান। বিজিএমইএ কাপের টাইটেল স্পন্সর হুয়াওয়ে, পাওয়ারড বাই বুরি, কিট পার্টনার দৌড় ও মিডিয়া পার্টনার টি স্পোর্টস।
বিজিএমইএর মহাসচিব মেজর জেনারেল ড. মো. সাহেদুল ইসলাম (অব.) অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। এতে বিজিএমইএর বিভিন্ন কমিটির সদস্য ও পোশাক শিল্পের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।