ঢাকা মেডিকেল কলেজে সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী

বন্ধ্যাত্ব চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে

তিনি বলেন, ‘দেশের হাসপাতালগুলোয় বিশ্বমানের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন।

দেশে বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ঢাকা মেডিকেল কলেজের ইনফার্টিলিটি সেন্টারে প্রয়োজনীয় আধুনিক যন্ত্রপাতি স্থাপনের উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘দেশের হাসপাতালগুলোয় বিশ্বমানের চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। উন্নত চিকিৎসা নিশ্চিতে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি দেশে আনা হবে।’

গতকাল ঢাকা মেডিকেল কলেজে রিপ্রডাক্টিভ এন্ডোক্রাইনোলজি অ্যান্ড ইনফার্টিলিটি ইউনিটে পলিসিস্টিক ওভারি সিনড্রোম সচেতনতা মাস উপলক্ষে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

সাখাওয়াত হোসেন বলেন, ‘‌নারীদের হরমোনজনিত ও বিপাকীয় সমস্যা পলিসিস্টিক ওভারি সিনড্রোমের কারণে দেশে বন্ধ্যাত্বের হার বাড়ছে। বিশ্বের বিভিন্ন দেশে আধুনিক চিকিৎসার মাধ্যমে সন্তান ধারণের সুযোগ তৈরি হয়েছে। তাই দ্রুতই চীনসহ আধুনিক দেশগুলোর প্রযুক্তি দেশে আনতে এরই মধ্যে যোগাযোগ করা হয়েছে।’

বন্ধ্যাত্ব চিকিৎসায় দক্ষ চিকিৎসক তৈরিতে প্রশিক্ষণের ওপর গুরুত্ব আরোপ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘‌বন্ধ্যাত্বের চিকিৎসাও গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবার অংশ। কোনো দম্পতি সন্তান জন্ম দিতে না পারলে অনেক সময় সামাজিক কটূক্তি ও হয়রানির শিকার হতে হয়। চিকিৎসার মাধ্যমে এ সমস্যার সমাধান সম্ভব হলে এক্ষেত্রে পিছিয়ে থাকার কোনো কারণ নেই।’

দেশে বন্ধ্যাত্বের চিকিৎসা নিতে রোগীদের বিদেশমুখী প্রবণতা কমানোর ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, ‘‌দেশের মেধাবী চিকিৎসকেরা সক্ষম হলেও অনেক রোগী ভারত ও থাইল্যান্ডে চিকিৎসা নিতে যান, ফলে বিপুল বৈদেশিক মুদ্রা দেশের বাইরে চলে যায়।’

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মুসাররাত সুলতানার সভাপতিত্বে সেমিনারে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব ড. আ ন ম বজলুর রশীদ, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. মাজহারুল শাহীন ও ঢাকা মেডিকেল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম ফরহাদ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

আরও