সুনামগঞ্জের শাল্লায় ইঁদুরের বিষ খেয়ে দুই ছেলেসহ আত্মহত্যার চেষ্টা করেন মা আখি বেগম (৩০)। এ ঘটনায় অসুস্থ দুই ছেলে বেঁচে গেলেও মৃত্যু হয়েছে মায়ের।
গতকাল সকালে উপজেলার বাহাড়া ইউনিয়নের সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আখি বেগম সুলতানপুর গ্রামের জেলে সামছুল হকের স্ত্রী। তার দুই ছেলের নাম সিয়াম (১০) ও রবিউল (৬)।
স্থানীয়রা ও পুলিশ জানায়, গতকাল ভোরে হাওরে মাছ ধরতে যান সামছুল হক। মাছ ধরা শেষে বাড়িতে ফিরে আসেন সকাল ৯টায়। ঘরে ঢুকেই দেখেন দুই ছেলে সন্তান ব্যথায় কাতরাচ্ছে। একটু পরেই সিয়াম বমি করে। এরপর সে বাবাকে জানায়, মা তাদের দুই ভাইকে বিষ খাইয়েছেন। সামছুল হক দ্রুত তাদের নৌকায় করে শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে পাঠান। পরে সিলেট নেয়ার পথে আখি বেগমের মৃত্যু হয়।
শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিকেল অফিসার ডা. মো. সুমন বলেন, আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেটে রেফার্ড করি। আখি বেগমের অবস্থা বেশি খারাপ ছিল, সিলেট নেয়ার পথেই মারা যান।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।