বাংলাদেশে নিরাপত্তা বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি করতে পারে এমন একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক।
গতকাল জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের ৬৩তম অধিবেশনে বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে দেয়া বক্তব্যে বাংলাদেশ প্রসঙ্গে তিনি এ আহ্বান জানান।
ভলকার তুর্ক বলেন, ‘বাংলাদেশে আমরা এমন একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়ে আসছি, যার নিরাপত্তা বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারির ক্ষমতা থাকবে।’
তিনি বলেন, ‘সবার জন্য অন্তর্ভুক্তিমূলক সামাজিক ও অর্থনৈতিক নীতি এগিয়ে নিতে আমরা মধ্য এশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের সরকারের সঙ্গে কাজ অব্যাহত রাখব, যাতে এসব নীতি সবার জন্য সুফল বয়ে আনে।’
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার বাংলাদেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর জবাবদিহি নিশ্চিতের কথা বারবার বলেছেন।