চট্টগ্রামের ফটিকছড়িতে চুরির অভিযোগে তিন কিশোরকে রশি দিয়ে বেঁধে পেটানোর ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মো. রিহান মাহিন (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে তার দুই বন্ধু।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের চেইঙ্গার সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রিহান কাঞ্চননগর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুই বন্ধুর সঙ্গে চট্টগ্রাম শহরে বেড়াতে যায় রিহান। ঘুরাফেরা শেষে রাত ৩টার দিকে বাড়ির কাছাকাছি পৌঁছলে আগে থেকে অপেক্ষায় থাকা ৭-৮ জন ব্যক্তি তাদের 'চোর' আখ্যা দিয়ে ধাওয়া দেয়। এ সময় রিহান ও তার দুই বন্ধু দৌড়ে একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নিলে সেখান থেকে তাদের ধরে সেতুর ওপর আনা হয়। এরপর তাদের রশি দিয়ে বেঁধে পেটানো হয়। এতে ঘটনাস্থলেই রিহান মারা যায়। রে স্থানীয় কিছু বাসিন্দা গুরুতর আহত অবস্থায় রিহানের দুই বন্ধু মানিক ও রাহাতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে আসে। নিহত ছেলেটিকে চোর আখ্যা দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। পরিবার মামলা করার কথা জানিয়েছে।
তিনি আরো জানান, পুলিশ হামলাকারীদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে। এরই মধ্যে জড়িত সন্দেহে দুই যুবককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে।