ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাত জাতীয় জিডিপিতে প্রায় ৩০ শতাংশ অবদান রাখছে। পাশাপাশি শিল্প খাতে মোট কর্মসংস্থানের প্রায় ৮৫ শতাংশ এখান থেকে আসে।
রাজধানীর আগারগাঁওয়ে স্থপতি ইনস্টিটিউটের মাল্টিপারপাস হলে ‘বায়ার-সেলার সামিট ২০২৫’-এর সমাপনী অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এ কথা বলেন। এসএমই ফাউন্ডেশন ও বিশ্বব্যাংক গ্রুপ, বাংলাদেশ যৌথ উদ্যোগে এ সামিটের আয়োজন করা হয়।
শিল্প উপদেষ্টা বলেন, ‘এসএমই ফাউন্ডেশনের এ আয়োজন ক্লাস্টারভিত্তিক তৃণমূল উদ্যোক্তাদের সরাসরি বাণিজ্যিক ক্রেতাদের সঙ্গে যুক্ত করবে। পাশাপাশি নতুন বাজার তৈরি ও মেন্টরিংয়ের মাধ্যমে ব্যবসা বিকাশে সহায়তা করবে।’
এ সময় তিনি জানান, এসএমই ফাউন্ডেশন নীতিগত সহায়তা, উদ্যোক্তা প্রশিক্ষণ, প্রযুক্তি উন্নয়ন, বাজার সম্প্রসারণ ও নারী উদ্যোক্তা উন্নয়নে কাজ করছে। এখন পর্যন্ত প্রায় ২ হাজার ৮০০ উদ্যোক্তাকে ১৮৫ কোটি টাকার ঋণ দেয়া হয়েছে।
অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন মুসফিকুর রহমান বলেন, ‘এ সামিটের প্রথম উদ্দেশ্য তাৎক্ষণিকভাবে কিছু পণ্য বিক্রি করা। দ্বিতীয়ত, সম্ভাব্য ক্রেতাদের সঙ্গে বিক্রেতাদের একটি দীর্ঘমেয়াদি ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলা।’
বিশ্বব্যাংক গ্রুপের সিনিয়র প্রাইভেট সেক্টর স্পেশালিস্ট হোসনা ফেরদৌস সুমি বলেন, ‘এ ধরনের সম্মেলনের প্রধান উদ্দেশ্য ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে একটি শক্তিশালী সংযোগ বা সেতু তৈরি করা। বিশ্বব্যাংক সারা বছর ধরেই ছোট-বড় এমন অনেক সম্মেলনের আয়োজন করে, এর মাধ্যমে বিশেষ করে নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, নেটওয়ার্কিং ও একটি সহায়ক বাণিজ্যিক পরিবেশ গড়ে তুলতে সাহায্য করা হয়।’
বিশ্বব্যাংক গ্রুপের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জঁ পেম বলেন, ‘বাংলাদেশের অর্থনীতিতে এসএমই উদ্যোক্তাদের অবদান অপরিসীম। তবে আর্থিক বিনিয়োগ এ খাতে একটি বড় চ্যালেঞ্জ। যদি এ উদ্যোক্তাদের আরো বড় পরিসরে কাজের সুযোগ দেয়া হয়, তাহলে তারা তাদের পণ্যের গুণগত মান ও উৎপাদনশীলতা বাড়াতে পারবে।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী। এবারের আয়োজনে লেদার, লাইট ইঞ্জিনিয়ারিং, তাঁত, হোম টেক্সটাইল, বাঁশ-বেত, কাঠ, মৃৎশিল্প ও জুয়েলারি সেক্টরের ১৭টি ক্লাস্টার এবং নারী উদ্যোক্তা পরিচালিত ১২টি প্রতিষ্ঠানসহ মোট ৪৬ জন উদ্যোক্তা তাদের সিগনেচার পণ্য প্রদর্শন করেছেন। সামিটে প্রায় ৫০টি চেইন বায়ার হাউজ অংশগ্রহণ করে।