সারা দেশে গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো চার শিশুর মৃত্যু হয়েছে। এতে চলতি বছর নিশ্চিত হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১০৮ জনে।
আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ২৪ ঘণ্টায় ১ হাজার ২২১জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে ও নিশ্চিত হামে আক্রান্ত ১২৮ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত মোট উপসর্গযুক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৯১ হাজার ৭৩১ জনে। আর এ সময়ে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন ২১ হাজার ৫২০ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, ১৫ মার্চ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৬৯ হাজার ৮০০ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬২ হাজার ৮৭৩ জন।