প্রতিষ্ঠাবার্ষিকীতে ডা. জুবাইদা রহমান

মানবিকতার অনন্য দৃষ্টান্ত জিয়াউর রহমান ফাউন্ডেশন

ডা. জুবাইদা রহমান বলেন, ‘বিগত ২৭ বছর মানবসেবার ছোট চারাগাছ থেকে আজ এ প্রতিষ্ঠান মহীরুহে পরিণত হওয়ার পথে রয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ শুভলগ্নে ফাউন্ডেশনের সব সদস্যকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘জিয়াউর রহমান ফাউন্ডেশন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গঠিত, আপসহীন দেশনেত্রী খালেদা জিয়ার আশীর্বাদে সিক্ত এবং তারেক রহমানের উদ্যোগ ও অনুপ্রেরণায় স্থাপিত বাংলাদেশে মানবিকতার এক অসাধারণ দৃষ্টান্ত।’

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের পরিচালক ও কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন, খাদ্যমন্ত্রী আফরোজা খানম, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারসহ আমন্ত্রিত অতিথিরা। 

ডা. জুবাইদা রহমান বলেন, ‘বিগত ২৭ বছর মানবসেবার ছোট চারাগাছ থেকে আজ এ প্রতিষ্ঠান মহীরুহে পরিণত হওয়ার পথে রয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এ শুভলগ্নে ফাউন্ডেশনের সব সদস্যকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। মানুষের জন্য মানুষ। একটু চেষ্টা, একটি উদ্যোগ—এ সংকল্পে জিয়াউর রহমান ফাউন্ডেশন এগিয়ে যাচ্ছে। জিয়াউর রহমান ফাউন্ডেশন সবসময় বাংলাদেশের সর্বত্র প্রতিটি মানুষের পাশে থেকেছে, ভবিষ্যতেও থাকবে।’

এর আগে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত আইডিয়া ফেস্ট প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে চেক ও সনদ বিতরণ করা হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় দল।

জিয়াউর রহমান ফাউন্ডেশন একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ১৯৯৯ সালের ১৮ অক্টোবর যাত্রা করে। বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান তার বাবা জিয়াউর রহমানের স্মৃতি রক্ষার্থে এটি প্রতিষ্ঠা করেন।

আরও