চাঁপাইনবাবগঞ্জ

সড়ক দুর্ঘটনার দুই তরুণের মৃত্যু, সড়ক অবরোধ ও পুলিশের ওপর হামলা বিক্ষুব্ধ জনতার

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় রিফাত আলী ও সোহাগ আহমেদ নামে দুই তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকালে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় সার্কিট হাউস মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ। এ ঘটনার পর ঘটনাস্থলে সড়কের ওপর একজনের মরদেহ রেখে অবরোধ ও পুলিশের ওপর হামলা করে বিক্ষুব্ধ জনতা।

নিহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আজাইপুর-পচাপুকুর মহল্লার শাহ আলমের ছেলে রিফাত আলী (১৮) ও চান্দলাই-জোড়বাগান মহল্লার আশরাফুল ইসলামের ছেলে সোহাগ আহমেদ (১৮)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ সড়কের সার্কিট হাউস মোড়ে রিফাত ও সোহাগের বহনকারী মোটরসাইকেল থামানোর সংকেত দেন ট্রাফিক পুলিশের সদস্যরা। পুলিশের সংকেত ভেঙ্গে দ্রুতগতিতে চলে যাওয়ার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মারা যায় রিফাত। স্থানীয়রা সোহাগকে উদ্ধার করে প্রথামে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী নেয়ার পথে মারা যান তিনি।

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সার্কিট হাউস মোড়ে সড়কের ওপর একজনের মরদেহ রেখে অবরোধ করে। পরে বিশ্বরোড মোড়ে পুলিশ বক্সে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় পুলিশ বক্সের আসবাবপত্র বাইরে এনে আগুন দেয়।

অন্যদিকে ঘটনাস্থলের অদূরে শান্তিবাগ এলাকার পুলিশ ফাঁড়িতে ভাঙচুর করে উত্তেজিত জনতা। সেখানে থাকা একটি মোটরসাইকেলে আগুনে দেয়া হয়। পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করলে উত্তেজিত জনতা তাদের ধাওয়া করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত সড়ক অবরোধ চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ ও সেনাবাহিনী।

আরও