নির্বাচনী প্রচারণায় প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতে সতর্ক সরকার: আদিলুর রহমান খান

উপদেষ্টা বলেন, নির্বাচন ঘিরে দুষ্কৃতিকারীদের সব ষড়যন্ত্র দেশের মানুষ প্রতিহত করবে। জনগণের ঐক্য এবারের নির্বাচনের সবচেয়ে বড় শক্তি।

নির্বাচনে অংশ নেয়া স্বতন্ত্র প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী একযোগে কাজ করছে বলে জানিয়েছেন শিল্প ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। মুন্সিগঞ্জের জুলাই শহীদদের কবর জিয়ারত শেষে বুধবার দুপুর ৩টার দিকে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, নির্বাচন ঘিরে দুষ্কৃতিকারীদের সব ষড়যন্ত্র দেশের মানুষ প্রতিহত করবে। জনগণের ঐক্য এবারের নির্বাচনের সবচেয়ে বড় শক্তি। সরকার বিশ্বাস করে, দেশের মানুষ জুলাই সনদ ও সংস্কারের পক্ষে অবস্থান নিয়ে গণভোটে 'হ্যাঁ' ভোট দিয়ে জয়যুক্ত করবে। তিনি আরো বলেন,এবারের জাতীয় নির্বাচনে যারা নির্বাচিত হয়ে সরকারের দায়িত্ব নেবেন, তারা জুলাই সনদের ভিত্তিতে আগামীতে দেশ পরিচালনা করবেন বলে আশা করছে অন্তর্বর্তী সরকার।

এ সময় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, জনগণের যে 'ঐক্যবদ্ধ শক্তি' জুলাইয়ে বাংলাদেশ দেখেছে, দেশের ছাত্র-জনতা সেভাবেই ঐক্যবদ্ধভাবে জুলাইবিরোধী শক্তিকে প্রতিহত করবে।

উপদেষ্টা জানান,জুলাই সনদের দায়িত্ব রাজনৈতিক দলগুলো নিয়েছে। তাই যারা জুলাইয়ের পক্ষের শক্তির রাজনৈতিক দল, তারা তাদের নিজেদের নির্বাচনী প্রচারণার পাশাপাশি গণভোটের পক্ষেও প্রচারণা চালাবে জুলাই সনদ বাস্তবায়নের জন্য।

এ সময় আরো ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী ও পুলিশ সুপার মো. মেনহাজুল আলমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আরও