মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা
কার্যালয় থেকে পালিয়ে যাওয়া মাদককারবারি লায়লা সাবরিন রেশমাকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৬ ডিসেম্বর) রাত সাড়ে ৭টায় হাতিরঝিল
থানা এলাকার প্লাটিনাম পার্ক রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
আজ বুধবার (৭ ডিসেম্বর) অধিদপ্তর থেকে এ তথ্য
জানানো হয়েছে। সেখানে ‘অভিজাত এলাকার মাদরকারবারি’ উল্লেখ করে বলা হয়, গত ১ ডিসেম্বর
ভোরে গেন্ডারিয়া অফিস থেকে পালান তিনি।
অধিদপ্তরের সহকারী পরিচালক (গোয়েন্দা) মোহাম্মদ
রিফাত হোসেন বলেন, ঘটনার পর থেকে রেশমাকে গ্রেফতারে আমাদের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত
ছিল।
বিবৃতিতে বলা হয়, গত ৩০ নভেম্বর বিকেলে সংসদ
ভবন এলাকার মানিক নিয়ে এভিনিউ থেকে রেশমাকে ১০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। পরে
তাকে গেন্ডারিয়া গোয়েন্দা কার্যালয়ে আনা হয়। পরদিন ভোরে কর্মকর্তা-কর্মচারীদের
চোখ আড়াল করে কৌশলে পালিয়ে যান তিনি। রেশমা অভিজাত এলাকার মাদককারবারি। তিনি বাইকে
করে শ্যামলী, মোহাম্মদপুরসহ অভিজাত এলাকায় দীর্ঘদিন ধরে হেরোইনের ব্যবসা করে আসছেন।
এ ঘটনায় অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) ইকবাল
আহমেদ দিপু বাদী হয়ে মাদক আইনে মামলা করেছেন।